২০৩ ম্যাচে ১৭৯টি ভিন্ন দল খেলিয়েছেন জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরের ম্যাচের একাদশে থাকার নিশ্চয়তা খুব কম রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরই আছে! ছবি: রিয়াল মাদ্রিদ
পরের ম্যাচের একাদশে থাকার নিশ্চয়তা খুব কম রিয়াল মাদ্রিদ খেলোয়াড়েরই আছে! ছবি: রিয়াল মাদ্রিদ

জিনেদিন জিদানের একাদশ পূর্বানুমান করতে যাওয়া আর বাজি ধরতে যাওয়া প্রায় কথা। প্রচণ্ড সৌভাগ্যবান না হলে কোনো নির্দিষ্ট ম্যাচে জিনেদিন জিদানের পছন্দের একাদশ আন্দাজ করতে পারা প্রায় অসম্ভব। স্প্যানিশ পত্রিকা মার্কাও সে স্বাক্ষ্য দিচ্ছে। বলছে রিয়াল মাদ্রিদের ডাগআউটে প্রায় প্রতি ম্যাচেই আগের চেয়ে ভিন্ন একাদশ নামান এই কোচ। 

একটি নির্দিষ্ট একাদশ নিয়ে নামতে বড্ড আপত্তি জিদানের। প্রথম দেড় মৌসুমে তবু একাদশের মোটামুটি ৯ জন নিশ্চিন্তে থাকতে পারতেন। নতুন করে রিয়ালের দায়িত্ব পাওয়ার পর থেকে সে নিশ্চয়তাটুকুও গেছে। আর দিন দিন তাঁর একাদশ নির্বাচন আগের সব চিন্তাকে হাস্যকর বানিয়ে দিচ্ছে।

গত সপ্তাহে মায়োর্কার বিপক্ষে ম্যাচটির কথাই ধরা যাক। বাধ্য হয়ে দলে একটি বদল আনতেই হতো জিদানকে। কার্ড সমস্যায় বাদ পড়েছিলেন কাসেমিরো। এমন সমস্যায় মিডফিল্ডে সংখ্যা বাড়ানোতেই মনোযোগ দেবেন বলে ভাবা হয়েছিল। কোথায় কী? উলটো নিজের পছন্দের তিন মিডফিল্ড থেকে আরেকজন কমিয়ে নিলেন। নামলেন শুধু ভালভার্দে ও লুকা মদরিচকে নিয়ে। আর এঁদের সামনে এডেন হ্যাজার্ড, ভিনিসিয়ুস জুনিয়র, গ্যারেথ বেল ও করিম বেনজেমা।

আগের সপ্তাহেও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চমকে দিয়েছিলেন। প্রতিপক্ষের মাঠে হ্যাজার্ডকে বসিয়ে রেখে প্রায় হারিয়ে যাওয়া হামেসকে খেলিয়েছেন। রক্ষণের জন্য ফারলান্ড মেন্দি বেশি পছন্দনীয় হলেও কঠিন সে ম্যাচে নামিয়েছেন মার্সেলোকে। প্রতিটি সিদ্ধান্তই বিশ্লেষকদের চমকে দিয়েছে, কিন্তু ঠিকই ম্যাচের ফল নিজের পক্ষে এনেছেন জিদান।

করোনাকালে প্রতি তিনদিনে একটি ম্যাচ খেলতে হয় বলে এমনিতেই একাদশে অদল-বদল আনা জরুরি। বাকি সব কোচদের মতো জিদানও তাই করছেন। কিন্তু একাদশে নিয়মিত বদল আনাটা যে তাঁর পুরোনো অভ্যেস, সেটা জানিয়ে দিল পরিসংখ্যান। রিয়াল মাদ্রিদের দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত ২০৩টি ম্যাচে ডাগ আউটে ছিলেন। এর মাঝে মাত্র ২৪টি ম্যাচে আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি জিদান। বাকি ১৭৯ ম্যাচের একাদশের ঘোষণা দিতেই রিয়ালের সামাজিক যোগাযোগ মাধ্যম বিভাগকে ছবির টেমপ্লেট বদলাতে হয়েছে।

জিদানের এই একাদশ বদলের রেকর্ড আগামী রোববার ২০৪ ম্যাচে ১৮০ হবে, এটা নিশ্চিত। ভাবছেন, জিদানের দল নিয়ে পূর্বানুমান করার বোকামি কীভাবে করা হচ্ছে? সবাইকে ভুল প্রমাণ করে এসপানিওলের বিপক্ষেও তো মায়োর্কা ম্যাচের একাদশ নামাতে পারেন জিদান। কিন্তু সেটা অন্তত এই সপ্তাহে হচ্ছে না। কারণ, গত ম্যাচেই হলুদ কার্ডের কোটা পূরণ করেছেন মদরিচ। ফলে না চাইলেও এ সপ্তাহেও একাদশে পরিবর্তন আনতেই হবে জিদানকে।