২১ বছর পর আয়াক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর মারুয়ানে ফেলাইনির (বাঁয়ে) উচ্ছ্বাস। ফেলাইনির এই গোলটাই ইউরোপা লিগের ফাইনালে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওল্ড ট্রাফোর্ডে পরশু দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করেও বিদায় নিয়েছে স্পেনের সেল্টা ভিগো l রয়টার্স
গোলের পর মারুয়ানে ফেলাইনির (বাঁয়ে) উচ্ছ্বাস। ফেলাইনির এই গোলটাই ইউরোপা লিগের ফাইনালে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওল্ড ট্রাফোর্ডে পরশু দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করেও বিদায় নিয়েছে স্পেনের সেল্টা ভিগো l রয়টার্স

‘চ্যাম্পিয়নস লাক’ তাহলে দুই দলকেই সঙ্গ দিল সেমিফাইনালে! ম্যানচেস্টার ইউনাইটেডকে যেমন, তেমনি আয়াক্সকেও। ভাগ্যটা একটু এদিক-ওদিক হলেই যে পরশু ইউরোপা লিগের ফাইনালে ওঠা হতো না দুই দলের।
দুই দলকেই প্রতিপক্ষ বেশ ভয় ধরিয়ে দিয়েছিল শেষ দিকে। শেষ পর্যন্ত স্নায়ুর পরীক্ষায় উতরে ২৪ মে স্টকহোমের ফাইনালে জায়গা করে নিয়েছে ইউনাইটেড ও আয়াক্স। ঘরের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড, দুই লেগ মিলিয়ে সেমিফাইনালটা জিতেছে ২-১ গোলে। আর লিঁওর মাঠে ৩-১ গোলে হেরেও পিটার বশের তরুণ আয়াক্স গড়েছে ইতিহাস। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জয়ী আয়াক্স ২১ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে। সর্বশেষ ডাচ দলটি ১৯৯৬ সালে উঠেছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।
ওল্ড ট্রাফোর্ডে ১৭ মিনিটে মারুয়ান ফেলাইনির গোলে এগিয়ে যায় ইউনাইটেড। কিন্তু শেষ ১০ মিনিটেই জমে নাটক। ৮৫ মিনিটে সেল্টাকে সমতায় ফেরান ফাকুন্দো রনকাগলিয়া। এর ৩ মিনিট পর মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন এই রনকাগলিয়া ও ইউনাইটেড ডিফেন্ডার এরিক বাইয়ি। ম্যাচের একেবারে শেষ সেকেন্ডে সেল্টার জন গিদেত্তি দুর্দান্ত সুযোগটা মিস না করলে ইউনাইটেড নয়, সেল্টাই কিন্তু উঠত ফাইনালে!
তবে দিন শেষে ওসব আর হিসাব করে কে! হোসে মরিনহো যেমন এখন রোমাঞ্চিত ইউনাইটেডে প্রথম মৌসুমেই দ্বিতীয় শিরোপা জয়ের সম্ভাবনায়, ‘এটার মানে হচ্ছে আরেকটা ট্রফি জেতার সুযোগ, চ্যাম্পিয়নস লিগে ওঠার সুযোগ।’ তবে স্বভাবগত একটা অভিযোগও তুলেছেন ইউনাইটেড কোচ, ‘আয়াক্স এখনই ফাইনাল নিয়ে ভাবতে পারে। ওদের লিগ রোববারই শেষ, প্রস্তুতি নেওয়ার জন্য ১২ দিন সময় পাবে। আর আমাদের লিগে তিনটি ম্যাচ এখনো বাকি।’
আয়াক্স প্রথম লেগে ঘরের মাঠে জিতেছিল ৪-১ গোলে, পরশু লিঁওর মাঠেও ক্যাসপার ডলবার্গের গোলে এগিয়ে যায় প্রথমে। কিন্তু প্রথমার্ধের শেষ ৭৯ সেকেন্ডে আলেক্সান্দার ল্যাকাজেতের দুটি ও ৮১ মিনিটে গেজ্জালের গোলে ভয়ই ধরিয়ে দেয় লিঁও। আয়াক্সের ভয়টা আরও বাড়ে ৮৪ মিনিটে ডিফেন্ডার নিক ভিয়েরগেভার লাল কার্ড দেখায়। তবে শেষ পর্যন্ত অঘটন ঘটেনি। কোচ বশ অবশ্য এতেই খুশি, তাঁর চোখে যে আয়াক্সের ফাইনালে ওঠাটা ‘ফুটবলেরই জয়!’ এএফপি, ইএসপিএন।