২১ বছরে সেরা র্যাঙ্কিংয়ে ভারত

সিঁড়ি ভেঙে ভেঙে ওপরের দিকে উঠছে ভারতীয় ফুটবল। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ১০০ নম্বর স্থানে উঠে এসেছে তারা। গত ২১ বছরের মধ্যে এটি ভারতের সবচেয়ে সেরা র্যাঙ্কিং।
গত মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১০১ নম্বরে ছিল ভারত। এপ্রিল মাসে কোনো ম্যাচও খেলেনি তারা। গত মাসে র্যাঙ্কিংয়ের ১০০ নম্বরে থাকা মালাবি মাদাগাস্কারের কাছে ১-০ গোলে হেরেছিল। র্যাঙ্কিংয়ে তাদের নিচে থাকা দলের কাছে হারায় ৪৯ পয়েন্ট খুইয়ে ১৪ ধাপ নিচে নেমে গেছে দেশটি। এর সুফল পেয়েছে ভারত।
২০১৫ সালে স্টিফেন কনস্টানটাইনকে কোচ নিয়োগ দেওয়ার পর থেকেই দুর্দম্য গতিতে এগিয়ে চলছে তারা। নিজেদের সর্বশেষ ছয়টি ম্যাচে জিতেই র্যাঙ্কিংয়ে ১০১ নম্বরে উঠে এসেছিল। উন্নতির এই ধারা অব্যাহত রাখতে চান কনস্টানটাইন, ‘বোঝা যাচ্ছে আমরা ঠিক পথেই আছি। সামনে বড় কিছু ম্যাচ আছে। আত্মতুষ্টির কোনো অবকাশ নেই।’
প্রতিবেশীরা যখন তরতরিয়ে ওপরে উঠছে, বাংলাদেশ কখনো নামছে নিচের দিকে, কখনো আবার কোনোভাবে আগের অবস্থানটা ধরে রাখছে। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রাখতে পেরেছে—আছে ১৯৩ নম্বরে। গত আট বছরের মধ্যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৩৮ নম্বরে উঠলেও দিন দিন নামছেই। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে এখন শঙ্কা ২০০ নম্বর স্থানটি নিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ের মোট দল ২১১টি। দক্ষিণ এশিয়াতে কেবল শ্রীলঙ্কা ও পাকিস্তান বাংলাদেশের পেছনে। ১৯৯৬ সালে ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১১০ নম্বর স্থানে উঠেছিল বাংলাদেশ।
এক সময় ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের ওপরে ছিল বাংলাদেশ। সেটিও খুব বেশি আগের কথা নয়। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে বেশ কয়েকবারই নিজেদের আবিষ্কার করেছে ভারত। সেই তারা এখন বিশ্বের সেরা ১০০ দলের একটি। আর বাংলাদেশ ছুটছে ২০০-র দিকে! সূত্র: ফিফা ডটকম।