২২ শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন ওজিল-পগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন ওজিল ও পগবা। ছবি: ইউটিউব থেকে নেওয়া।
মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন ওজিল ও পগবা। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

২০১৪ বিশ্বকাপের পর মেসুত ওজিলের সেই অনুদানের কথা মনে আছে? জার্মানিকে বিশ্বকাপ জিতিয়ে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড বোনাস পেয়েছিলেন। পুরো অর্থই দান করে দিয়েছিলেন ব্রাজিলের ২৩ শিশুর চিকিৎসার কাজে। শুধু সেবারই কেন, পুরো ক্যারিয়ারজুড়েই এমন দাতব্য কাজ করেছেন জার্মান মিডফিল্ডার।

করলেন আরও একবার। এবার একজন সঙ্গীও পেয়েছেন ওজিল, ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা। ২২ আফ্রিকান শিশুর অস্ত্রোপচারের সব খরচ দিয়ে দিয়েছেন দুজন।

‘বিগ শ্যু ইলেভেন’ নামের এক দাতব্য উদ্যোগে যোগ দিয়ে এই অসাধারণ কাজ করেছেন পগবা ও ওজিল। ফুটবলে তো ১১ জনের দলে সব সময়ই খেলেন, এবার দুজনে নিজেদের ১১ জনের দল গড়ে নিয়েছেন। তবে ফুটবল মাঠে নয়, পগবা ও ওজিলের এই এগারো শিশুর লড়াইটা জীবনের মঞ্চে। শারীরিক অসুস্থতা যাদের নিষ্পাপ শৈশবের সরলতায় বাধা হয়ে দাঁড়াতে চাইছে।

ফুটবলকেও ছাপিয়ে যাওয়া সেই লড়াইয়ে ‘সতীর্থ’দের পাশে দাঁড়াতে পারে উচ্ছ্বসিত ওজিলও। টুইটারে ভিডিওবার্তায় ওজিল বলেছেন, ‘ইউরো চলার সময়ে ১১ জন শিশুর চিকিৎসার ভার নিচ্ছি আমি। এরাই আমার এগারো জন। আমার সবচেয়ে পছন্দের দল। চিকিৎসার ব্যয় মেটানোর সামর্থ্য নেই এমন ২২ শিশুর সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। এমন উপলক্ষে সাহায্য করতে পেরে গর্বিত।’


নিজের টুইটারে ভিডিও বার্তা দিয়েছেন পগবাও। জুভেন্টাস মিডফিল্ডার অন্যদেরও আহ্বান জানিয়েছেন মানবতার ডাকে এগিয়ে আসার জন্য, ‘২২ শিশুর অস্ত্রোপচারে আমাকে ও ওজিলকে সাহায্য করার সময় এখনো আছে।’
সূত্র: গোলডটকম।