২২০ মিলিয়ন ইউরো দিতেও রাজি পিএসজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

ফুটবলের দলবদলে বিশ্ব রেকর্ডটা কী? কার? সহজ প্রশ্ন! পল পগবার, ১০৫ মিলিয়ন ইউরো! তবে আগামী ৩১ আগস্টের মধ্যে সেটি বদলেও যেতে পারে। যদি স্প্যানিশ ও ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর গুঞ্জন সত্যি হয়, আর যদি নেইমার চান!

বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে যেতে আবারও নাকি উঠেপড়ে লেগেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্কাই স্পোর্টস ইতালি এবং স্প্যানিশ পত্রিকা মার্কা, স্পোর্ত ও এএস জানাচ্ছে, এতটাই আগ্রহ পিএসজির, নেইমারের চুক্তির রিলিজ ক্লজের (ক্লাবের ইচ্ছার বাইরে ফুটবলারকে নিতে হলে যে পরিমাণ অর্থ দিতেই হবে) ২২২ মিলিয়ন ইউরো খরচ করতেও পিছপা হবে না প্যারিসের ক্লাবটি।

নেইমারের প্রতি পিএসজির আগ্রহ অবশ্য নতুন নয়। ২০১২ সালে নেইমার সান্তোসে থাকার সময়ই তাঁর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল পিএসজি। গত মৌসুমেও নেইমারকে পেতে চেষ্টার কমতি রাখেনি ক্লাবটি। নেইমারের বাবার সঙ্গে বেশ কয়েকবারই কথা বলেছে। কিন্তু শেষ পর্যন্ত বনিবনা হয়নি। উল্টো গত অক্টোবরে বার্সেলোনার সঙ্গে চুক্তিটা আরও পাঁচ বছরের জন্য নবায়ন করেন ব্রাজিলিয়ান তারকা। অন্য কোনো ক্লাব তাঁকে কিনতে চাওয়ার আগে যেন দশবার ভাবে, সেটি নিশ্চিত করতে বার্সাও নেইমারের চুক্তিতে রিলিজ ক্লজের অঙ্কটা বাড়িয়ে দেয়। কিন্তু গুঞ্জন সত্যি হলে ‘দশবার ভাবা’ শেষ পিএসজির।

পিএসজি ২২২ মিলিয়ন ইউরো দিতে রাজি হলে বার্সেলোনার আর কিছু করার থাকবে না। তখন সিদ্ধান্তটা পুরোপুরিই নেইমারের—বার্সাতেই থাকবেন, না পিএসজিতে চলে যাবেন। কাতালান দৈনিক স্পোর্ত গত পরশু লিখেছে, ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাবা ও আশপাশের মানুষের ভাবনা, নেইমারের সময় এসেছে লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আসার, ইউরোপের কোনো একটা বড় ক্লাবে মূল খেলোয়াড় হওয়ার। কিন্তু বার্সেলোনায় মেসির পাশে থেকে সেটি সম্ভব নয়। আরেক স্প্যানিশ দৈনিক এএস দাবি করেছে, এই সপ্তাহেই পিএসজির মালিক নাসের আল-খেলাইফির সঙ্গে কথা বলতে প্যারিস যাচ্ছেন নেইমারের বাবা।

তবে ফ্রান্সেরই পত্রিকা লেকিপ বলছে উল্টো। পিএসজিরই ক্লাব সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটিতে লেখা হয়েছে, ‘নেইমারের জন্য আবারও ঝাঁপিয়ে পড়ছি না আমরা। ওর রিলিজ ক্লজ অনেক বেশি, আমাদের বাস্তববাদী হতে হবে।’ নেইমার নয়, আর্সেনালের অ্যালেক্সিস সানচেজকে দলে টানাটাই নাকি আপাতত লক্ষ্য পিএসজির। দলবদলের শুরুর দিকে সানচেজের ব্যাপারে কথা হলেও মাঝে কিলিয়ান এমবাপ্পের দিকে হাত বাড়ানোয় সেই আলোচনা একটু থিতিয়ে গিয়েছিল। এখন আবার আর্সেনালের সঙ্গে কথা বলতে যাচ্ছে পিএসজি।

বার্সাও নেইমারের ক্লাব ছেড়ে যাওয়ার আশঙ্কা করছে না। ক্লাবের সহসভাপতি জর্ডি মেস্ত্রে কাল সংবাদ সম্মেলনে বেশ জোর দিয়েই বললেন ‘নেইমার এই গ্রীষ্মে ক্লাব ছাড়বে না। ২০০% নিশ্চিত!’ মার্কা, লেকিপ।