২৩ বছরেই ১১ ক্লাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাক জার্ভিস
জ্যাক জার্ভিস

‘ফুটবলের ভালো-মন্দ সবই দেখা হয়ে গেছে আমার।’
একজন ফুটবলার সাধারণত ক্যারিয়ার-সায়াহ্নে এসেই এমন কথা বলেন। গোধূলিবেলা দেখার আরও অনেক বাকি জ্যাক জার্ভিসের, ইংলিশ এই ফুটবলারের বয়স যে মাত্রই ২৩। কিন্তু যখন জানবেন, জার্ভিস এরই মধ্যে ৩টি ভিন্ন দেশের ১১টি ক্লাবের হয়ে খেলে ফেলেছেন, আপনি কেবলই অবাক হবেন!
আধুনিক ফুটবলে এখন কোনো একটা ক্লাবকে জীবনপ্রাণ সঁপে দেওয়ার ঘটনা বিরল হয়ে আসছে। ইব্রাহিমোভিচদের মতো যাযাবর ফুটবলাররাই এখন দলে ভারী। জার্ভিস বোধ হয় এঁদের আদর্শ বিজ্ঞাপন। অথচ পেশাদার ক্যারিয়ারের আয়ু মাত্র পাঁচ বছর, ২০১০ সালে বার্মিংহামের হয়ে শুরু। দুটি ম্যাচ খেলেই ধারে যান হেরফোর্ড ইউনাইটেডে। সেই শুরু, এরপর নটস কাউন্টি, সুইন্ডন টাউন, প্রেস্টন নর্থ এন্ড...। জার্ভিসের সব ক্লাবের নাম তাঁর নিজের মনে আছে কি না সন্দেহ!
অবশ্য প্রথম আট ক্লাবের কোথাও পাকাপাকিভাবে নয়, খেলতে গেছেন ধারে। ২০১৩ সালে পাড়ি জমান বিদেশে, নাম লেখান তুর্কি লিগের ক্লাব এলাজিগস্পোরে। সেখানে পিছু নেয় দুর্ভাগ্য, দুই ম্যাচ খেলার পরেই ভেঙে যায় পা। এলাজিগস্পোর ছয় মাস পরেই তাঁকে ছেড়ে দেয়। এরপর আবার ফিরলেন পোর্টসমাউথে। সেখানেও থিতু হতে পারেননি, গত মৌসুমেই নাম লেখান স্কটল্যান্ডের রস কাউন্টিতে। এই ক্লাবেও যথারীতি মন টেকেনি, এই মৌসুমে নতুন ঠিকানা তৃতীয় বিভাগের ক্লাব প্লাইমাউথ।
কোনো ক্লাবে খুব বেশি দিন খেলেননি, এমন একজন ফুটবলারকে সই করানোটা তো একটু ঝুঁকিপূর্ণই। মজার ব্যাপার, জার্ভিসের ক্ষেত্রে এই ব্যাপারটাই পক্ষে এসেছে। প্লাইমাউথের কোচ ডেরেক অ্যাডামস যেমন বলছেন, ‘সে এখনো মাত্র ২৩, ক্যারিয়ারের শুরুর দিকেই আছে। কিন্তু তার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে’। জার্ভিস অবশ্য স্বাভাবিকভাবেই দাবি করেছেন, এত সব ক্লাবের অভিজ্ঞতা তাঁকে খেলোয়াড় হিসেবে আরও শাণিত করেছে। নতুন ক্লাবেও থিতু হতে চান বলে জানিয়েছেন।
শেষ কথাটা কি নিজেও বিশ্বাস করে বলেছেন! বিবিসি।