২৩ বছরের দুঃখ ভুলল ফ্রান্স
রেফারির ঘড়িতে তখনো ছয় মিনিট গেছে কি যায়নি। এরই মধ্যে ১৯৯৩ সালের স্মৃতিটা সম্ভবত জেঁকে বসেছিল স্তাদ দো ফ্রান্সের গ্যালারিতে। দুঃস্বপ্ন বলাই ভালো। ২৩ বছর আগের এক নভেম্বরে বুলগেরিয়ার কাছেই শেষ মুহূর্তের গোলে হেরে ১৯৯৪ বিশ্বকাপে খেলা হয়নি ফ্রান্সের। ঘরের মাটিতে সেটিই ছিল বুলগেরিয়ার সঙ্গে ফ্রান্সের সর্বশেষ ম্যাচ।
পরশু ছয় মিনিটে পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়ার পর বিশ্বকাপ থেকে বাদ পড়ার ভয় ছিল না, কিন্তু পুরোনো ক্ষতে নতুন করে আঘাত তো একটু লেগেছেই। তবে এবার আর কোনো অঘটন ঘটতে দেয়নি ফ্রান্স। বাকি ৮৪ মিনিটে বুলগেরিয়ানদের জালে গুনে গুনে চার গোল দিয়েছে দিদিয়ের দেশমের দল।
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পরশু মাঠে নেমেছিল আরও অনেক বড় দল। এডেন হ্যাজার্ড, টোবি অলডারউইরেল্ড ও রোমেলু লুকাকুর গোলের সঙ্গে এমির স্পাহিচের আত্মঘাতী গোলে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। চার গোল করেছে হল্যান্ডও, বেলারুশকে হারিয়েছে ৪-১ গোলে।
প্যারিসে পরশু ম্যাচের আগেও ১৯৯৩ সালের দুঃস্বপ্নটা উঁকিঝুঁকি মারছিল। মারারই কথা। জিদান-প্লাতিনিদের আলোয় উজ্জ্বল ফরাসি ফুটবল ইতিহাসে বড় কলঙ্কই হয়ে আছে সেই ম্যাচ। তার ওপর ৬ মিনিটেই মিহাইল আলেক্সান্দ্রভের পেনাল্টিতে বুলগেরিয়া এগিয়ে যায়। তবে ঠিক সময়েই জ্বলে ওঠেন গ্রিজমান-পায়েতরা। আর আক্রমণে এ দুজনকে যোগ্য সংগত দিয়েছেন পাঁচ বছর পর ফ্রান্স দলে সুযোগ পাওয়া কেভিন গামেইরো। ২৩ মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার, করেছেন ম্যাচের শেষ গোলটিও। মাঝে দিমিত্রি পায়েত ও আঁতোয়ান গ্রিজমান গোল করে দুর্দান্ত খেলতে থাকা ফ্রান্সকে এনে দিয়েছেন বড় জয়।
২০১১ সালের নভেম্বরের পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার ম্যাচে এমন জয়, সেটিতেও অবদান রাখলেন ২ গোল করে, তৃপ্তিই ঝরল গামেইরোর কণ্ঠে, ‘নিখুঁত একটা রাত ছিল। আমরা (গোল খেয়ে) দুর্দান্ত প্রতিক্রিয়া দেখিয়েছি, ম্যাচে নিজেদের কর্তৃত্বও প্রতিষ্ঠা করেছি। এটাই গর্বিত করছে আমাকে।’ ক্লাব সতীর্থ গ্রিজমানের সঙ্গে তাঁর বোঝাপড়াও ম্যাচে নজর কেড়েছে। তা নিয়ে গামেইরো বললেন, ‘আমরা দুজনই নিজেদের খেলাটা খেলেছি। ভালো কাজও করেছে সেটি। আশা করি এটা এমনই চলবে।’
এ জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হল্যান্ড ও সুইডেনের সঙ্গে যৌথভাবে গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। আগামী সোমবার হল্যান্ডের মাটিতেই খেলবে ফ্রান্স। ডাচরাও জিতেছে পরশু, ১৫ ও ৩১ মিনিটে কুইন্সি প্রোমেসের দুই গোলের পর দ্বিতীয়ার্ধে বেলারুশের জালে বল জড়িয়ে দিয়েছেন ডেভি ক্লাসেন ও ভিনসেন্ট ইয়েনসেন। বেলারুশের গোলটি আলেক্সেই রিওসের, ৪৭ মিনিটে। উয়েফাডটকম।