২৪ ম্যাচ পর হারল চেলসি

অপরাজিত থাকার রেকর্ডটা এবার থামল চেলসির। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেলেন হোসে মরিনহো। ‘সুপার সাব’ পাপিস সিসের জোড়া গোলে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ২–১ গোলে হারিয়েছে নিউ ক্যাসল।
শুরুটা ভালো করলেও গোলমুখ খুঁজে পাচ্ছিল না চেলসি। বরং নিজেদের মাঠে পাল্টা আক্রমণে মাঝেমধ্যেই হুমকি হয়ে উঠছিল নিউ ক্যাসল। প্রথমার্ধ গোলশূন্যই ছিল। নিউ ক্যাসল চোটের কারণে তাদের প্রথম পছন্দের গোলরক্ষককে হারিয়ে ফেলে। তবে নিউ ক্যাসলের নায়ক হয়ে দেখা দেন আরেক বদলি খেলোয়াড়। ৫৩ মিনিটে মাঠে নামার চার মিনিটের মধ্যে নিউ ক্যাসলকে এগিয়ে দেন সেনেগালিজ স্ট্রাইকার সিসে।
এডেন হ্যাজার্ড গোলটা প্রায় শোধ করেই দিয়েছিলেন। কিন্তু তাঁর শট পোস্টে লেগে শুধু ফিরেই আসেনি, সেই ফিরতি বল টেনে নিয়ে গিয়ে পাল্টা আক্রমণে ২–০ করে দেন সিসে। ম্যাচটা সেখানেই প্রায় শেষ হয়ে গিয়েছিল। খেলার বাকি ছিল মাত্র ১২ মিনিট। এরপরই স্নায়ু ছড়ানো নাটকীয় মোড়। প্রথমে আন্দ্রে শুরলেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্টিভেন টেলর। ১০ জনের দল হয়ে পড়া নিউক্যাসলকে আরও কোণঠাসা করে দেন ‘বুড়ো’ দিদিয়ের দ্রগবা, ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে গোল করলে।
শেষ কয়েকটা মিনিট দারুণ রোমাঞ্চে কেটেছে। কিন্তু শেষ পর্যন্ত হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় চেলসিকে। অবশ্য এই পরাজয়েও ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকছে মরিনহোর দল। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট ম্যান সিটির। ইএসপিএন।