২৫ কোটি টাকা হলেই ঢাকায় রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি খেলে গেছেন ঢাকায়। ক্রিস্টিয়ানো রোনালদোর আসাও অসম্ভব নয়। এ জন্য চাই ২৫ কোটি টাকা। দুইয়ে দুইয়ে চার মিললে নভেম্বরে পর্তুগালের সঙ্গে আফ্রিকার একটা দলের প্রীতি ম্যাচের ভেন্যু হতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়াম।
কিন্তু ২৫ কোটি টাকা কোথায় পাবে বাফুফে? এই প্রশ্ন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের, ‘এজেন্ট প্রস্তাব দিয়েছে। কিন্তু টাকার অঙ্কটা অনেক বেশি। ১০-১২ কোটি হলে হয়তো ভালো করে চেষ্টা করা যেত। তারপরও দুই-একটা স্পনসরের সঙ্গে কথা বলে দেখি।’
এই বাফুফেই ৩০ কোটি টাকারও বেশি খরচ করে ঢাকায় মেসির আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়ার প্রীতি ম্যাচ আয়োজন করেছিল। সফল আয়োজনের পর রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলকে ঢাকায় আনার প্রস্তাব দিয়েছিল এজেন্ট। আর্থিক কারণে কোনো প্রস্তাবই গৃহীত হয়নি। তবে এজেন্ট পিছু ছাড়েনি বাফুফের।