২৫ বছরে বিচিত্র ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ ডান-বাঁ দুই পায়েই পেনাল্টি নিয়ে গোল করেছেন দুজন—ববি জামোরা ও ওবাফেমি মার্টিনস।

২ সবচেয়ে বেশিবার বদলি হওয়ার ‘দুর্ভাগ্য’টা জুটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের রায়ান গিগসের কপালে (১৩৪ বার)।

৩ ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ৭০ ম্যাচে মাত্র একবারই সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন মারিও বালোতেল্লি। ২০১২ সালে কিউপিআরের বিপক্ষে লিগের শেষ ম্যাচে ৯৫ মিনিটে বালোতেল্লির পাসে আগুয়েরোর গোলেই ৪৪ বছরের শিরোপা-খরা ঘোচে সিটির।

গ্যারেথ বেল,ওয়েইন রুনি,কেভিন ডেভিস
গ্যারেথ বেল,ওয়েইন রুনি,কেভিন ডেভিস

৪ একই ম্যাচে গোল, সতীর্থের গোলে সহায়তা ও আত্মঘাতী গোল সবই করার ‘সৌভাগ্য’ হয়েছে ওয়েইন রুনি, গ্যারেথ বেল ও কেভিন ডেভিসের। বেলের অবশ্য তাতেও ‘মন’ ভরেনি, একই ম্যাচে হলুদ কার্ডও দেখেছেন।

৫ প্রিমিয়ার লিগ যুগে ঘরের মাঠে প্রথমার্ধে এগিয়ে থেকে কখনোই কোনো ম্যাচে হারেনি ইউনাইটেড।

৬ পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোল (৫৬) অ্যালান শিয়ারারের, সবচেয়ে বেশিবার (১১) পেনাল্টিতে ব্যর্থও তিনি।

৭ ২০১৫-১৬ মৌসুমে শুধু লেস্টার সিটিই রূপকথা লিখেছে, কে বলেছে? ওয়েস্ট হামও তো লিখেছে ‘রূপকথা’! সেবারই প্রথম মৌসুমে ‘হ্যামার’রা গোল করেছে যতটি, খেয়েছে তার চেয়ে কম!

৮ গ্লাভস হাতে শুধু গোলই ঠেকাতে হবে, এমন কোথায় লেখা আছে? গোল করা যায়, গোলে সহায়তা করা যায়, পেনাল্টিও এনে দেওয়া যায় দলকে। উদাহরণ? পল রবিনসন। গোলকিপারদের মধ্যে সতীর্থদের গোলে সবচেয়ে বেশি সহায়তা ইংলিশ গোলকিপারের (৫টি)।

৯ জেমস ‘ভাগ্যবান’ মিলনার! নামটা এমনও হতে পারত। লিডস, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলে খেলা মিডফিল্ডার প্রিমিয়ার লিগে যে ৪৭টি ভিন্ন ম্যাচে গোল করেছেন, একটিতেও তাঁর দল হারেনি।

১০ ১৯৯২ সালের আগস্টে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর জন্ম নেওয়া তিন ফুটবলার প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন—রাহিম স্টার্লিং, হ্যারি কেন ও রোমেলু লুকাকু।

১১ তরুণদের মতো ‘বুড়ো’দের তালিকায়ও একজন আছেন, ১৯৬০ সালের আগে জন্ম নিয়েও যিনি প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন—স্কটিশ স্ট্রাইকার গর্ডন স্ট্র্যাচান।

১২ ২০১০-১১ মৌসুমে ফুটবলারদের নামের প্রথম অংশে সবচেয়ে বেশি ছিল ডেভিড (১৪ জন) ও জেমস (১১ জন)। কিন্তু ওই মৌসুমেই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলা হয়নি সাবেক ইংল্যান্ড গোলকিপার ডেভিড জেমসের।

১৩ ২০০১-০২ মৌসুমে হারতে হারতে ঘুরে দাঁড়িয়ে মোট ৩৪ পয়েন্ট পেয়েছে নিউক্যাসল—এক মৌসুমে যা রেকর্ড। সাত বছর পর প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার সময়ও নিউক্যাসলের পয়েন্ট ছিল ঠিক ৩৪!

১৪ একই মৌসুমে দুটি ভিন্ন ক্লাবে খেলেছেন, আর দুটি ক্লাবই অবনমিত হয়ে গেছে, এমন ফুটবলার আছেন চারজন—জর্জ বয়েড (২০১৪-১৫), ডেভিন নুজেন্ট (২০০৯-১০), স্টিভ ক্যাবা (২০০৬-০৭) ও মার্ক রবিনস (১৯৯৪-৯৫)।

১৫ ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে যাই যাই করেও শেষ পর্যন্ত থেকে গেল লেস্টার সিটি। ১৪০ দিন অবনমন অঞ্চলে থেকেও অবনমিত হয়নি—যা রেকর্ড। পরের মৌসুমে তো শিরোপাই।

১৬ শিরোপাজয়ী কোনো দলের হয়ে প্রতি ম্যাচের প্রতিটি মিনিটই মাঠে ছিলেন, এমন ফুটবলার আছেন চারজন—সিজার আজপিলিকেতা, ওয়েস মরগান, জন টেরি ও গ্যারি পলিস্টার।

১৭ প্রিমিয়ার লিগে খেলেছে, এমন ১৬টি দলের চেয়ে হেডে বেশি গোল আছে পিটার ক্রাউচের (৫০)। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ইংলিশ স্ট্রাইকারকে অকারণে ‘জিরাফ’ বলা হয় না!

১৮ যত ম্যাচে খেলেছেন, সবগুলোতেই বদলি হয়ে উঠে যেতে হয়েছে—এমন দুর্ভাগা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন নুরি সাহিন (৭টি)।

noname
noname

১৯ কপাল বটে রিচার্ড রাইটের! আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির হয়ে দুই মৌসুমে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন, তাতেই দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন।

২০ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের পোস্টে যতগুলো শট নিয়েছেন, তার চেয়েও বেশি কর্নার নিয়েছেন ইয়াগো আসপাস।

২১ ১৯৯৭-৯৮ মৌসুমে লিগে ৩৭টি ম্যাচ খেলেছিলেন অ্যান্ডি রবার্টস, এর মধ্যে চারটিই আর্সেনালের বিপক্ষে (ক্রিস্টাল প্যালেসের হয়ে দুটি, অন্য দুটি উইম্বলডনের হয়ে)।

২২ প্রিমিয়ার লিগে ১০টিরও বেশি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে একটি ম্যাচও জিততে পারেননি, এমন অভাগা কোচ একজনই—উলভারহ্যাম্পটনের টেরি কনর!

২৩ একই মৌসুমে অন্তত একবার লিগের শীর্ষে ওঠা, শেষ পর্যন্ত অবনমিত হয়ে যাওয়া—সর্বশেষ এমন অভিজ্ঞতা গত মৌসুমেই হয়েছে হাল সিটির। এর আগে একই অভিজ্ঞতা হয়েছিল চার্লটন অ্যাথলেটিক (১৯৯৮-৯৯) ও বোল্টন ওয়ান্ডারার্সের (২০১১-১২)।

২৪ ডানকান ফার্গুসন ও সলোমন রন্ডনের মতো ‘মাথা খাটানো’ ফুটবলার কমই আছেন! প্রিমিয়ার লিগে শুধু হেডেই গোল করে হ্যাটট্রিকের কীর্তি এই দুজনেরই।

২৫ শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের মধ্যে দ্রুততম লাল কার্ড দেখার রেকর্ড শেফিল্ড ওয়েনসডের কেভিন প্রেসম্যানের (১৩ সেকেন্ড)। বদলি খেলোয়াড়দের রেকর্ডটা (০ সেকেন্ড!) ভাগাভাগি করছেন দুজন—সোয়ানসি সিটির ওয়াল্টার বয়েড ও শেফিল্ড ইউনাইটেডের কেইথ গিলেস্পি। দুজনই মাঠে নেমে খেলা শুরু হওয়ার আগেই প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই মেরেছিলেন।