২৫ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে ইউরোর অন্য রকম ইতিহাসে কিয়েসা
মাঠে যখন নামছেন তিনি, ইতালি হন্যে হয়ে একটা গোলের খোঁজে। শঙ্কায় বুক কাঁপছিল ইতালিয়ানদের। নির্ধারিত সময়ের আর ছয় মিনিট বাকি, তখনো অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা গোলশূন্য।
এত দারুণ শুরুর পরও শেষ ষোলোয় এসেই ইতালির পথচলা থমকে যাবে কি না, এই শঙ্কা পেয়ে বসারই কথা। অস্ট্রিয়া তখন একটা গোল করলেই তো ইতালির বাড়ি ফেরার টিকিট কাটা প্রায় নিশ্চিত হয়ে যায়।
সে সময় নামলেন ফেদেরিকো কিয়েসা। নির্ধারিত সময়ে কিছু করতে পারেননি ঠিকই, তা কোনো দলই পারেনি। কিন্তু নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতেই কিয়েসা দেখা দিলেন ‘সুপার-সাব’ হয়ে।
৯৫ মিনিটে তাঁর সৌজন্যেই ইতালি পেল নিজেদের প্রথম গোল। শেষ পর্যন্ত ওয়েম্বলিতে কাল উজ্জ্বীবিত অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে রবার্তো মানচিনির ইতালি।
ওই গোলে কিয়েসা গড়েছেন ইউরোয় এক অন্য রকম ইতিহাস। বাবা-ছেলের গোল করার রেকর্ড যে এই প্রথম দেখল ইউরো! কালকের ম্যাচের ঠিক ২৫ বছর ১২ দিন আগে ইউরোয় গোল করেছিলেন ফেদেরিকোর বাবা এনরিকে কিয়েসাও।
১৯৯৬ ইউরোর কথা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ইতালি। আগের ম্যাচে রাশিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরো শুরু করা ইতালি সেদিন চেকদের বিপক্ষেও ১৮ মিনিটেই গোল পেয়ে গেল। ৫ মিনিটে পাভেল নেদভেদের গোলে এগিয়ে যাওয়া চেক প্রজাতন্ত্রকে নামিয়ে আনল সমতায়। ইতালিকে সমতায় ফেরানো গোলদাতার নাম? এনরিকে কিয়েসা!
এবার আর সমতায় ফেরা নয়, ইতালির এগিয়ে যাওয়ার নায়ক ফেদেরিকো কিয়েসা। জুভেন্টাসের হয়ে গত মৌসুমে যখনই সুযোগ পেয়েছেন, দারুণ করেছেন। তাঁর ফর্ম আর ওদিকে পাওলো দিবালার চোট আর ফর্মহীনতা মিলিয়ে জুভেন্টাসের একাদশে ফেদেরিকো কিয়েসার উপস্থিতি ছিল নিয়মিত।
২৩ বছর বয়সী উইঙ্গার ক্লাবের হয়ে মৌসুমে ৪৩ ম্যাচে গোল করেছেন ১৫টি, করিয়েছেন আরও ১১টি। ইতালির ইউরোর দলে তাঁর ডাক পাওয়া তাই প্রাপ্যই ছিল। ইতালি কোচ রবার্তো মানচিনি প্রাপ্যটা বুঝিয়ে দিতে ভুল করার মানুষ নন।
অস্ট্রিয়ার বিপক্ষে কাল যখন ইতালি গোল পাচ্ছিল না, মানচিনির চোখ পড়ল কিয়েসার দিকে। কোচের বিশ্বাসের দারুণ প্রতিদানই দিয়েছেন কিয়েসা। ৯৫ মিনিটে বাঁ দিক থেকে লেফটব্যাক স্পিনাৎসোলার ক্রস এল, অস্ট্রিয়া রাইটব্যাক লাইনারকে এড়িয়ে গেলেন কিয়েসা। তাঁর সামনে তখন গোলপোস্টে শট নেওয়ার কোণটা দুরূহ, কিন্তু কিয়েসার বাঁ পায়ের দারুণ শট সেই দুরূহ কোণ দিয়েই ঢুকে গেল জালে।
ইতালি এগিয়ে গেল, লেখা হলো ইতিহাস। ইউরোয় এই প্রথম বাবা-ছেলের গোলের রেকর্ড হয়ে গেল! শেষ আটে ইতালির সামনে যখন আসবে আজ, শেষ ষোলোয় বেলজিয়াম আর পর্তুগালের মধ্যে জয়ী দল, ইতালি গোলের খোঁজে থাকলে মানচিনি এখন জানেন কাকে খুঁজতে হবে।
তবে বাবা-ছেলের রেকর্ডের দিনে কিয়েসা হয়তো আশায় আছেন, বাবা যা পারেননি, তেমন কিছু করে দেখাতে। ১৯৯৬ ইউরোয় বাবা এনরিকে কিয়েসা দলকে যতটুকু নিয়ে গিয়েছিলেন, তার চেয়ে বেশি অবশ্য ফেদেরিকোর ইতালি এরই মধ্যে চলে এসেছে।
’৯৬ ইউরোয় ফেদেরিকোর গোলের দিনে চেক প্রজাতন্ত্রের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল ইতালি, পরের ম্যাচে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে।
আর ছেলে ফেদেরিকোর ইতালি? গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিই জিতেছে কোনো গোল না খেয়ে। শেষ ষোলোয় কাল ইতালির জয়ে দারুণ অবদান ফেদেরিকোরই। এখন আরও এগিয়ে যাওয়ার অপেক্ষা। ইতালির আশা, পথচলা একেবারে টুর্নামেন্টের শেষে শিরোপা মঞ্চেই শেষ হবে।