ডি স্টেফানো-পেলে-ম্যারাডোনাদের কাতারেই লিওনেল মেসিকে রাখছেন ফ্যাবিও ক্যাপেলো
২৫ মিনিটেই মেসিকে কেনার প্রস্তাব!
কারও কাছে সর্বকালের সেরা, কারও কাছে সেরাদের একজন, আবার কারও কাছে নিতান্তই একজন ভালো খেলোয়াড়—লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক চলছেই। ফ্যাবিও ক্যাপেলো আছেন দ্বিতীয় দলে। ইতালিয়ান কোচ আর্জেন্টাইন অধিনায়ককে রাখছেন ডি স্টেফানো-পেলে-ম্যারাডোনাদের কাতারেই।
‘আপনি ইতিহাসের সেরা খেলোয়াড় নিয়ে কথা বলতে পারেন, কারণ ফুটবলে কয়েকটি ভিন্ন যুগ ছিল। প্রতি যুগেই সেরা খেলোয়াড়টি তার সময়ের অন্যদের ছাড়িয়ে গেছে। প্রথমে ছিল ডি স্টেফানো-পেলে, এরপর এল ম্যারাডোনা, আর এখন মেসি’—এল মুন্দো দেপোর্তিভোকে বলেছেন ক্যাপেলো।
মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আগেও। নতুন করে বললেন গত রাতে বার্সেলোনা ও এএস রোমার মধ্যকার হুয়ান গাম্পার ট্রফির ম্যাচের আগে। ক্যাপেলোর ‘মেসি-ম্যানিয়া’র শুরু বছর দশেক আগে ন্যু ক্যাম্পে এই প্রদর্শনী ম্যাচেই। ২০০৫-এ হুয়ান গাম্পার ট্রফিতে বার্সার বিপক্ষে ম্যাচে জুভেন্টাসের ডাগ-আউটে ছিলেন এই ইতালিয়ান। যে ম্যাচটিকে অনেক ফুটবলপণ্ডিতই মেসির আগমনী বার্তা বলে মনে করেন।
দুটি দলেই তারকার অভাব ছিল না। একদিকে রোনালদিনহো-ডেকো-ইতো, অন্যদিকে ক্যানাভারো-দেল পিয়েরো-ভিয়েরা। তবে এত তারার ভিড়েও সবচেয়ে বেশি আলো ছড়িয়েছিলেন ১৮ বছর বয়সী মেসিই। বারবার জুভেন্টাস রক্ষণকে এলোমেলো করে দিচ্ছিলেন সহজাত সাপের মতো আঁকাবাঁকা দৌড়, ড্রিবলিং আর রক্ষণভেদী পাসে।
মাত্র ক্যারিয়ার শুরু করা একজন তরুণ খেলোয়াড়ের ‘স্পর্ধায়’ মুগ্ধ হয়েছিলেন ক্যাপেলো, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না, ওর বয়সের একজন এভাবে ৯০ হাজার দর্শকের সামনে খেলতে পারে। বালজেরাত্তির মতো ডিফেন্ডারের সামনেও একদম নির্ভীক ছিল ও। ওর ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য, ড্রিবলিং, কল্পনা—বল নিয়ে অসাধারণ স্পর্ধায় সোজা গোলের জন্য ছুটছিল।’
মেসিতে ক্যাপেলো এমনই মুগ্ধ হয়েছিলেন যে, তাঁকে জুভেন্টাসে নিয়ে যাওয়ার ব্যাপারে তখনই প্রস্তাব দিয়ে বসেন বার্সা কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের কাছে, ম্যাচের ২৫ মিনিট যেতে না-যেতেই!
ন্যু ক্যাম্পের সেই ম্যাচটি দেখেই জুভেন্টাস কোচ মেসির ভবিষ্যৎ শ্রেষ্ঠত্ব নিয়ে নিশ্চিত হয়ে গিয়েছিলেন, ‘ফ্রাঙ্কো বারেসি বা পাওলো মালদিনির মতো খেলোয়াড়েরা জানত তারা শীর্ষে পৌঁছাবে প্রতিভার জোরেই। এরপর অনেক কিছুই নির্ভর করে মস্তিষ্কের ওপর। কিন্তু সেদিন আমি আলাদা কিছু দেখেছি, যা আগে কখনো দেখিনি। জুভের সঙ্গে ম্যাচে যা করে দেখাল, তাতে আমার কোনো সংশয় ছিল না মেসি শীর্ষে পৌঁছাবে।’ গোলডটকম, ফুটবল এস্পানা।