২৬ গোলে কার কয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি গোল কৃষ্ণার। ছবি-প্রথম আলো।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি গোল কৃষ্ণার। ছবি-প্রথম আলো।

আমাদের ফুটবলাররা গোল করতে পারে না—আন্তর্জাতিক ফুটবলে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। গোল করতে না পারার খেসারত দিয়ে জাতীয় দল যে কত আন্তর্জাতিক ম্যাচ হেরেছে তা বলে শেষ করা যাবে না। কিন্তু অনূর্ধ্ব-১৬ মেয়েদের দল গোল করার ব্যাপারে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নতুন এক অভিজ্ঞতার সঙ্গেই পরিচয় করিয়ে দিল। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক ম্যাচে জাতীয় ফুটবল গোল হজম করেছে ৫৫টি! মুখ লুকানোর মতো এমন ফলের মধ্যে এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবলে মেয়েদের ২৬টি গোল দেশের ফুটবলে আনন্দের উপলক্ষ হয়েই এসেছে।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি গোল করেছে অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। একটি হ্যাটট্রিকসহ তাঁর গোলসংখ্যা ৮টি।
কৃষ্ণার পর সবচেয়ে বেশি গোল আনুচিং মোগিনির। রাঙামাটির এই মেয়েটির গোল ৬টি। তবে আনুচিংয়ের আক্ষেপ থেকেই যাচ্ছে। তার গোলসংখ্যা আরও বাড়তে পারত, সুযোগ নষ্ট করেছেন আরও কত! দলের ডিফেন্ডার শামসুন্নাহারও গোল করেছেন ৪টি। যদিও এর দুটো পেনাল্টি থেকে। তবে আজ আরব আমিরাতের বিপক্ষে পেনাল্টিটি গোলে পরিণত করতে না পারার আফসোসটা তারও থাকছেই।

এ ছাড়া মার্জিয়ার গোল ৩টি, জাহান মৌসুমির ২টি, তহুরার ২টি। তহুরা ইরান ও আরব আমিরাতের বিপক্ষে দুটো গোলই করেছেন বদলি হিসেবে নেমে।

এএফসি বাছাইপর্বে বাংলাদেশের হয়ে একটি গোল নার্গিসের। সে গোলটি কিরগিজস্তানের বিপক্ষে দারুণ এক সেট-পিসে। দলের ২৬ গোলের মধ্যে নার্গিসের দর্শনীয় গোলটিও আলাদাভাবেই মনে রাখতে হবে।