২৭ ম্যাচ অপরাজিত ইতালির মন্ত্র ‘উপভোগ’

অনুশীলনে খেলোয়াড়দের উদ্দেশে কথা বলছেন ইতালির কোচ রবার্তো মানচিনি।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা জিততে চাই—এমন কথা ইতালির কোচ রবার্তো মানচিনি একবারও বলেননি। ফুটবলের সাধারণ অনুসারী থেকে পণ্ডিত—এঁরাও ইতালিকে ফেবারিটের তালিকার শীর্ষে রাখে না। তবে মানচিনির তরুণ ইতালি দলকে ‘ডার্ক হর্স’ ভাবছেন অনেকেই।

মানচিনি অবশ্য অমন কিছুর স্বপ্ন এখনো দেখেন না। আজ তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরুর আগে একটা লক্ষ্য নির্ধারণ করে নিয়েছেন মানচিনি—অন্তত শেষ চারে খেলতে চান তিনি! শেষ পর্যন্ত কতদূর যেতে পারবেন সেটা সময়ই বলে দেবে। আপতত, শিষ্যদের তিনি মাঠে গিয়ে খেলাটা উপভোগ করার পরামর্শই দিয়ে রাখছেন। একই সঙ্গে ইউরোর প্রথম ম্যাচ থেকেই নিজেদের মেলে ধরে সুন্দর ফুটবল উপহার দেওয়াতে মনোযোগ দিতে বলেছেন।

ইতারির কোচ রবার্তো মানিচিনি।
ছবি: রয়টার্স

রোমের স্তাদিও অলিম্পিকোতে বাংলাদেশ সময় আজ রাত ১টায় ইতালি তুরস্কের বিপক্ষে খেলতে নামছে ২৭ ম্যাচ অপরাজিত থাকার অর্জন নিয়ে। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বই উতরাতে না পারা ইতালির কাছে অবশ্য দেশটির ফুটবল-পাগল মানুষের প্রত্যাশা থাকবে অনেক। কিন্তু শিষ্যদের সেই প্রত্যাশার চাপে পিষ্ট হতে দিতে চান না মানচিনি। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ইতালির কোচ বলেছেন, ‘আমরা যা কিছুর মধ্য দিয়ে গেছি, এখন সবার মুখে হাসি ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।’

ইতালির আজকের প্রতিপক্ষ তুরস্কের অনুশীলন।
ছবি: রয়টার্স

ইউরোতে লক্ষ্য কী—এই প্রশ্নের উত্তরে মানচিনি বলেছেন, ‘আগামী এক মাস আমরা সবার মুখে হাসি ফিরিয়ে আনার চেষ্টাটাই করব। আমরা চাই মানুষ আমাদের খেলা উপভোগ করুক।’ তুরস্কের বিপক্ষে ইতালি যে দলটির চিরায়ত রক্ষণাত্মক ফুটবলের খোলস থেকে বেরিয়ে আসবে, মানচিনি দিলেন তেমন ইঙ্গিতই, ‘আমার বিশ্বাস, সবার জন্য পুরো ৯০ মিনিটই অসাধারণ সময় কাটবে। আমরা নিজেদের সর্বস্ব দিয়ে খেলব।’

অনুশীলনে নামার আগে তুরস্কের খেলোয়াড়দের স্ট্রেচিং।
ছবি: রয়টার্স

প্রতিপক্ষ তুরস্কের রক্ষণটা বেশ শক্তিশালী। এর ওপর টুর্নামেন্টের প্রথম ম্যাচটি সব দলের জন্যই একটু অন্য রকম হওয়ার কথা। এ কারণেই মানচিনি বলেছেন, ‘উদ্বোধনী ম্যাচটা সবচেয়ে কঠিন হয়। এটা যে টুর্নামেন্টের শুরু। আমাদের ভারমুক্ত থাকতে হবে এবং নিজেদের খেলাটা উপভোগ করতে হবে। আপাতত আমাদের লক্ষ্যটা এ রকমই।’

তবে তরুণ দল নিয়ে যে খুব বড় আশা তাঁর নেই সেটাও জানিয়ে রেখেছেন মানচিনি, ‘তিন বছর আগে এই দল নিয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। এখনো আমি দল নিয়ে আত্মবিশ্বাসী। আমরা কঠিন পরিশ্রম করেছি। দলে অসাধারণ সব খেলোয়াড় আছে। টুর্নামেন্টের শেষে এসে লন্ডনে (দুই সেমিফাইনালই এখানে) থাকতে চাইব।’