২৭ সেকেন্ডে গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সকারের খেলোয়াড়েরা ঠিকমতো দাঁড়াতেও হয়তো পারেননি। চিতার ক্ষিপ্রতায় বাঁ প্রান্ত দিয়ে সোহেল রানার ক্রস, হেড করলেন শেখ জামাল ধানমন্ডির গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং দারবোয়ে। পোস্টে লেগেও বল ঢুকল জালে। ম্যাচের তখন মাত্রই ২৭ সেকেন্ড! বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখল প্রিমিয়ার লিগের এই মৌসুমের দ্রুততম গোল। মৌসুমে এর আগে দ্রুততম গোলটি হয়েছে গত ৪ মে। ফরাশগঞ্জের বিপক্ষে ৭০ সেকেন্ডে সেটি করেছিলেন চট্টগ্রাম আবাহনীর মোহাম্মদ হিমু। গত মৌসুমে এই দলটির বিপক্ষেই ২৫ সেকেন্ডে দ্রুততম গোলের রেকর্ড করেছিলেন শেখ জামালের সনি নর্দে।
লিগের দ্বিতীয় পর্বের শুরুতেই ৯-১ গোলে ফরাশগঞ্জকে উড়িয়ে দিয়েছিল লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু পরের ম্যাচেই তাদের মাটিতে নামায় রহমতগঞ্জ। ওই ম্যাচটি ২-২ ড্রয়ের পর কাল স্বরূপে ফিরল শেখ জামাল। স্বরূপে দেখা গেল তাদের আক্রমণভাগের ত্রিফলা ল্যান্ডিং দারবোয়ে, ওয়েডন আনসেলমে ও এমেকা ডার্লিংটনকে। ফেনী সকারকে ৬-২ গোলে হারানোর পথে হ্যাটট্রিক করেছেন এমেকা। ল্যান্ডিং করেছেন জোড়া গোল। অন্যটি ওয়েডসনের। গোল উৎসবের মহাযজ্ঞে কাল গড়ে প্রায় ১১ মিনিট পর পর হয়েছে একেকটি গোল।
আত্মবিশ্বাসী শেখ জামালের এই বিদেশিরা ম্যাচ শুরুর আগেই নাকি ভাগাভাগি করে নেন কে কতগুলো গোল করবেন! শেখ জামালের এক ফুটবলার কদিন আগে গল্পটা করছিলেন এক ঘরোয়া আড্ডায়। বাস্তবতা হচ্ছে, এঁরা যেদিন ব্যর্থ হন, শেখ জামালও সেদিন পয়েন্ট হারায়।
গত ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয়বঞ্চিত হওয়ার পর কাল শুরু থেকেই গোল পেতে মরিয়া ছিলেন ওয়েডনসরা। আর সেটারই ফল ২৭ সেকেন্ডে গোল!
১৫ মিনিটে গোলরক্ষক তোহানকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েডসন। আর ২৪ ও ২৭ মিনিটে পরপর দুটি গোল করেন ডার্লিংটন। ৩৭ মিনিটে ফেনীর জাতা মোস্তফা প্রায় ২৫ গজ দূর থেকে অসাধারণ এক ভলিতে ৪-১ করে ফেলেন স্কোরলাইন। ৭৭ মিনিটে ল্যান্ডিং নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন। ৮২ মিনিটে ফেনীর স্মরণ শুধুই ব্যবধান কমিয়েছেন। এমেকার হ্যাটট্রিক হয়েছে ম্যাচের ৮৫ মিনিটে। ততক্ষণে স্কোরলাইন ৬-২। ৮৮ মিনিটে পেনাল্টি পেয়েও ফেনী সকারের সিজে গোল করতে পারেননি। দুর্বল শটটি ফিরিয়ে দেন গোলরক্ষক হিমেল। এই জয়ে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই শেখ জামাল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নয়ে ফেনী সকার।