২৭১ ম্যাচে গোল নেই, তবু নেবেন না পেনাল্টি

নিশ্বাস ছাড়া মানুষ, পানি ছাড়া মাছ আর গোল ছাড়া ফুটবলাররা বাঁচে না। হোক না তিনি ডিফেন্ডার, গোল করার সাধ থাকে তাঁরও। সেদিক দিয়ে একজন মিডফিল্ডার গত ছয় বছর ধরে নিয়মিত খেলে একটিও গোল পাচ্ছে না, চিন্তার বিষয় তো বটেই। তবে যাঁকে নিয়ে, যার গোলখরা নিয়ে এত চিন্তা, এত কথা; তিনি কিন্তু এ নিয়ে একেবারেই নির্ভার। এমনকি গোলখরা ঘোচাতে সতীর্থরা তাঁকে পেনাল্টি নিতে বলছেন। কিন্তু হাভিয়ের মাসচেরানোর তাতেও কোনো ভাবান্তর নেই!
মাসচেরানোর ক্যারিয়ার ১৩ বছরের। জাতীয় দল আর ক্লাব ফুটবল মিলিয়ে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের মোট গোল মাত্র ৫টি! মিডফিল্ডার হলেও তিনি আদতে ডিফেন্সিভ ভূমিকায় খেলেন। বার্সেলোনায় তো পুরোদস্তুর সেন্ট্রাল ডিফেন্ডারই হয়ে গেছেন। গোলসংখ্যা দিয়ে তাঁকে তুলনা করা যাবে না। কিন্তু তাই বলে টানা ছয় বছর ধরে গোল পাবেন না একটিও! ক্লাব সতীর্থ পিকে তো সেন্টার ডিফেন্ডার হয়েও গোল পাচ্ছেন।
এমন নিদারুণ গোলখরার পরেও পেনাল্টি নিতে আগ্রহী নন তিনি। সতীর্থ মেসি অনেকবার পেনাল্টি নিতে অনুরোধ করলেও রাজি হননি মাসচেরানো। সাংবাদিকদের নিজেই বলেছেন, ‘মেসি অনেকবার আমাকে পেনাল্টি নিতে বলেছে। আম রাজি হইনি। সত্যি কথা বলতে আমি আমার ইচ্ছে করেনি। আমার দ্বারা যা হচ্ছে না, তা নিয়ে জোরাজুরি করা আমার পছন্দ নয়।’
২০১০-১১ মৌসুমে লিভারপুল থেকে বার্সেলোনায় আসেন মাসচেরানো। এখন পর্যন্ত এই ক্লাবের হয়ে মাঠে নেমেছেন ২৭১টি ম্যাচে। ক্লাবের হয়ে এরই মধ্যে ১৩টি বড় ট্রফি জিতেছেন, একটিও গোল না করে! ব্যাপারটি নিয়ে ইদানীং মাঝেমধ্যেই খবর হচ্ছে। হয়তো পুড়িয়েছে মেসিকেও। হতে পারে এ কারণেই মেসি একাধিকবার পেনাল্টি শট নেওয়ার জন্য মাসচেরানোকে পাঠাতে চেয়েছেন। কিন্তু একবারও রাজি হননি মাসচেরানো।
সর্বশেষ গোলের দেখা তিনি পেয়েছিলেন ২০১৪ সালের জুনে। সেটা জাতীয় দলের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে খেলা একটি প্রীতি ম্যাচে। আর্জেন্টিনার হয়ে বাকি দুটি গোল পেয়েছিলেন ২০০৭ সালে। আর ক্লাবের হয়ে তার দ্বিতীয় এবং সর্বশেষ গোলটি ২০০৯-এর নভেম্বরে।
বার্সার হয়ে খেলা সময় যে একেবারেই গোল করতে পারেননি—এ কথায় মাসচেরানো আপত্তি করতে পারেন। বলতে পারেন, ‘কেন কয়েকটা আত্মঘাতী গোল তো করেছি!’