২৮৪ দিন পর থামল রিয়াল
শেষ মুহূর্তে গোল করে নায়ক! সার্জিও রামোস নামের সঙ্গে এখন এই বাক্যটাই যেন সবচেয়ে ভালো যায়। গত ডিসেম্বরে এল ক্লাসিকো, একই মাসে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে ক্লাব রেকর্ড গড়া ম্যাচগুলোর স্মৃতি এখনো টাটকাই থাকার কথা রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনে। পরশু মুদ্রার ওপিঠটাও দেখলেন রামোস।
লা লিগায় সেভিয়ার বিপক্ষে রামোস গোল করলেন ঠিকই, কিন্তু সেই গোলটি ছিল রিয়ালের দুঃখ! পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল জিনেদিন জিদানের দল। কিন্তু শেষ পাঁচ মিনিটে রামোসের আত্মঘাতী গোলের সঙ্গে সেভিয়ার স্তেভান ইয়োভেতিচের আরও একটি গোল মিলিয়ে রিয়াল ম্যাচটা হেরে গেল ২-১ ব্যবধানে। ৪০ ম্যাচ আর ২৮৪ দিন পর থামল জিদানের দলের অজেয় যাত্রা।
তিন দিন আগেই সেভিয়ার মাঠ থেকে কোপা ডেল রের ম্যাচে ৩-৩ ড্র করে ফিরেছিল রিয়াল। গড়েছিল টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার নতুন স্প্যানিশ রেকর্ড। ওই ম্যাচেও ৮৩ মিনিটে একটি গোল করেছিলেন রামোস। ২০০৪ সালে এই সেভিয়া থেকেই রিয়ালে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই সেভিয়া সমর্থকদের ‘শত্রু’ হয়ে যান রিয়ালের ডিফেন্ডার। সেই ক্ষোভটাই যেন পরশু গ্যালারির এক ব্যানারে ফুটে উঠল—‘এটা কখনোই তোমার আপন জায়গা হবে না।’ সেভিয়ার মাঠ সানজেচ পিজুয়ান যে তাঁর আপন নয়, রামোসও হয়তো সেটি বুঝতে পারলেন আত্মঘাতী গোলের দুর্ভাগ্যে।
কোচ জিনেদিন জিদান অবশ্য তাঁর অধিনায়ককে একটুও দায় দিচ্ছেন না, ‘এটা কোনো ব্যাপারই নয়। ফুটবলে এমনটা হতেই পারে।’ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘শেষ পাঁচ মিনিটে আমরা একটু গা ছাড়া হয়ে গিয়েছিলাম। ওতেই জয়টা হাতছাড়া হয়েছে।’
এই হারা ম্যাচেও অবশ্য একটা প্রাপ্তি আছে রোনালদোর। লা লিগায় পেনাল্টি থেকে সবচেয়ে বেশি (৫৬) গোল করার তালিকায় রিয়াল কিংবদন্তি হুগো সানচেজের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে গেলেন ফিফার ‘দ্য বেস্ট’। পেনাল্টি থেকে ৪৬ গোল করে এ তালিকায় তিন নম্বরে সাবেক বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্ড কোম্যান।
পরশুর জয়ে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে উঠে গেছে সেভিয়া। ওদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। রয়টার্স।