২-০, ২-২, ২-৪, ৪-৪!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রসির জোড়া গোলেই খেলায় ফিরেছিল রোমা। ছবি: এএফপি।
রসির জোড়া গোলেই খেলায় ফিরেছিল রোমা। ছবি: এএফপি।

বার্সেলোনা, বায়ার্ন, চেলসির মতো দলগুলোর ম্যাচের ভিড়ে ম্যাচটা নিয়ে মাতামাতি কম হবে, এটাই স্বাভাবিক। তবে কাল রাতে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে মুগ্ধতা ছড়িয়েছে সম্ভবত লেভারকুসেনের বে অ্যারেনার ম্যাচটিই। ম্যাচে গোল ৮ টি, অথচ বেয়ার লেভারকুসেন ও রোমার কেউই জেতেনি! এমন ম্যাচে কেউ হারে না কি!

পুরো ম্যাচটিই যেন ছিল কোনো নাট্যকারের সুনিপুণ রচনা। নাটকীয়তা, উত্থান-পতন, ক্লাইম্যাক্স-কী ছিল না ম্যাচে! প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যাওয়া লেভারকুসেনকেই কিনা ড্র করতে হলো শেষ ৬ মিনিটে আরও দুই গোল করে! জার্মান দলটির কোচ রজার স্মিডট তো আর এমনি এমনিই বলেননি, ‘এটা সাধারণ কোনো ফুটবল ম্যাচের সীমা ছাড়িয়ে অন্য কিছু।’

গোল-উৎসবের শুরু চার মিনিটেই। পেনাল্টি থেকে লেভারকুসেনকে এগিয়ে দেন মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। এই গোলের রেশ কাটতে না কাটতেই আরেকটি, এবার ১৯ মিনিটে। বে অ্যারেনায় এসে গত নয় ম্যাচে এনিয়ে ৪ গোল হলো সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের। লুই ফন গালের কি একটু আফসোস হচ্ছে?

এ পর্যন্ত দেখে মনে হচ্ছিল, গ্রুপে আগের ম্যাচের মতো কালও দ্রুত ধ্বসে পড়বে ‘রোমান-সাম্রাজ্য’। বাতে বরিসভের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আধঘন্টার মধ্যেই ৩ গোল খেয়েছিল রোমা। তবে এবার সেটি হতে দিলেন না ফ্রান্সেসকো টট্টির অনুপস্থিতিতে রোমের নেতা ড্যানিয়েলে ডি রসি। ৩০ ও ৩৮ মিনিটে তাঁর দুই গোলে বিরতির সময় ম্যাচে সমতা।

এর রেশ ধরেই খেলা এগোল দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে মিরালেম পিয়ানিচের দুর্দান্ত ফ্রি-কিকে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে গেল রোমা। ম্যাচ শেষ হওয়ার ১৩ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ হলো ইয়াগো ফালকের কল্যাণে। এই ম্যাচে তা হলে আর কোনো অনিশ্চয়তা নেই, জিতবে রোমাই।

সব অনুমানকে কাঁচকলা দেখিয়ে আবার ক্লাইম্যাক্স! ‘লেভারকুসেন ২-৪ রোমা’ স্কোরলাইনটাকে ৮৪ মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে কেভিন কেম্পল করে ফেললেন ৩-৪। দুই মিনিট পরই আদমির মেহমেদির গোলে ৪-৪। অতিরিক্ত সময়ে চিচারিতোর শটটা বারে বাতাস লাগিয়ে চলে না গেলে যে জিতে যায় লেভারকুসেনই!

এমন ম্যাচে কেউ হারলে সেটা অবিচারই হতো। ফুটবল-বিধাতাও হয়তো এতটা নিষ্ঠুর হতে চাইলেন না। সূত্র: বিবিসি।