৩ মাস নিষিদ্ধ জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ার কোচ জিনেদিন জিদান l ফাইল ছবি
রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ার কোচ জিনেদিন জিদান l ফাইল ছবি

তাঁর কোচিং ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ হয়েছে আগেই। এবার জিনেদিন জিদানের বিরুদ্ধে নেওয়া হলো ব্যবস্থা। আবশ্যকীয় যোগ্যতা ছাড়াই কোচের দায়িত্ব পালন করায় ‘জিজু’কে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
কী সেই আবশ্যকীয় যোগ্যতা? এই পর্যায়ে কোচিং করাতে একজন কোচের অবশ্যই লেভেল-৩ জাতীয় ডিপ্লোমা সনদ থাকতে হয়। কিন্তু জিদানের আছে উয়েফা ‘এ’ সনদ, যা লেভেল-২ সমমানের। তাই স্প্যানিশ ফুটবল ফেডারেশন বলছে, যথাযথ যোগ্যতা ছাড়াই রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ার কোচ হিসেবে প্রায় দুই মাস দায়িত্ব পালন করেছেন, যা অন্যায়। আর এই অন্যায়ের সাজা হলো কোচিংয়ে তাঁর ৩ মাসের নিষেধাজ্ঞা। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ অবশ্য নিষেধাজ্ঞায় হতাশা জানিয়ে বলেছে, এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আইনসংগত যুক্তি আদালতে উপস্থাপন করা হবে। আদালতে আপিল করতে হবে আগামী দশ দিনের মধ্যে। রিয়ালের ভাষ্য, কাস্তিয়ার কোচ হিসেবে যে শ্রেণির কোচ প্রয়োজন ছিল, ফ্রান্স ফুটবল ফেডারেশন জিদানকে সেই মানের কোচ হিসেবেই অনুমোদন দিয়েছে।
চার দিন আগে একটি শীর্ষ ফরাসি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জিদান ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, একটি ঈর্ষাপরায়ণ মহল তাঁর পেছনে লেগেছে। কটাক্ষও করেছিলেন স্পেনের জাতীয় কোচদের সংস্থা সিইএনএএফইকে, চাইলে স্পেনে ৩ মাসের কোর্স করেই নাকি এই ডিগ্রি পাওয়া যায়! ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জেতানো এবং ২০০৬ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া ফরাসি কিংবদন্তির পক্ষে এই কোচিং নিষেধাজ্ঞা মেনে নেওয়া আসলেই একটু কঠিন!
জিদান স্বপ্ন দেখেন বড় কিছুর, একদিন না একদিন ফ্রান্সের কোচ হবেন, আবারও বিশ্বকাপ জিতবে ফ্রান্স... না, সেই স্বপ্ন এখনো ফিকে হয়ে যায়নি। তবে স্বপ্নপূরণের পথে প্রথমেই একটা বড় ধাক্কা তো খেলেন! এএফপি, রয়টার্স।