৩০ জুন বলেই পেনাল্টির প্রস্তুতি আর্জেন্টিনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৩০ জুন ফ্রান্সের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৩০ জুন তারিখটি আর্জেন্টিনার জন্য নতুন কিছু নয়। বিশ্বকাপে ৩০ জুন খেলা আর্জেন্টিনার তিনটি ম্যাচই গড়িয়েছে ট্রাইব্রেকারে। আজও কি তেমন কিছুই হবে?


টাইব্রেকার ও আর্জেন্টিনা—বিশ্বকাপে বেশ পরিচিত জুটি। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার পেনাল্টি শুট-আউটে গড়িয়েছে আর্জেন্টিনার ম্যাচ। চারবারই জিতেছে লা আলবিসেলেস্তেরা। পাঁচবারের তিনবারই ম্যাচটি ছিল ৩০ জুন। এর মধ্যে দুবার জিতেছে আর্জেন্টিনা, একবার তারা হেরেছে জার্মানির কাছে। ফ্রান্সের বিপক্ষে আজকের নকআউট ম্যাচটির তারিখও ৩০ জুন। আর্জেন্টিনার বিশ্বকাপে ৩০ জুনের সর্বশেষ তিনটি ম্যাচই নির্ধারিত হয়েছে কোয়ার্টার ফাইনালে।

আজ আরেকবার আর্জেন্টিনাকে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষার মুখোমুখি হতে হবে কি না, সেটি দেখার বিষয়। তবে আর্জেন্টিনা প্রস্তুতি নিয়ে রেখেছে। ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের শেষ অনুশীলনে পুরো দলকে পেনাল্টি অনুশীলন করিয়েছেন সাম্পাওলি। টুইটারে প্রকাশিত একটা ভিডিওতে দেখা গেছে, সাম্পাওলির সামনে একে একে পেনাল্টি অনুশীলন করছেন ডিবালা, মেসি, হিগুয়েইন, ডি মারিয়ারা।
গত বিশ্বকাপের সেমিফাইনালে হল্যান্ডকে পেনাল্টিতে হারিয়েছিল আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনার জয়ের মূল নায়ক ছিলেন গোলরক্ষক সার্জিও রোমেরো, দুইটা-দুইটা পেনাল্টি আটকে আর্জেন্টিনাকে বলতে গেলে একাই ফাইনালে নিয়ে গিয়েছিলেন এই রোমেরো। কিন্তু দুর্ভাগ্যবশত এবার আর্জেন্টিনার মূল গোলরক্ষক হিসেবে রোমেরো নেই, আছেন ফ্রাঙ্কো আরমানি। আরমানি কি পারবেন রোমেরোর দেখানো পথে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যেতে? এ–ও শোনা যাচ্ছে, খেলা টাইব্রেকারে গড়ালে আর্জেন্টিনা হয়তো উইলি কাবায়েরোকে নামিয়ে দেবে। আরমানির চেয়ে কাবায়েরো টাইব্রেকার স্পেশালিস্ট বলে বেশি পরিচিত।

এর আগে দেখে নিন, ৩০ জুনের বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ তিনটি ম্যাচের পরিণতি:

আর্জেন্টিনা-যুগোস্লাভিয়া (১৯৯০ বিশ্বকাপ, কোয়ার্টার ফাইনাল)
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ০-০ ড্র। তখন আবার গোল্ডেন গোলের নিয়ম ছিল। অর্থাৎ অতিরিক্ত সময়ে যখন যে দল গোল করবে, ঠিক তখনই খেলা শেষ এবং গোল দেওয়া দল জয়লাভ করবে। কিন্তু শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় খেলা গড়াল টাইব্রেকারে। আর্জেন্টিনার হয়ে পেনাল্টি মিস করে বসলেন ডিয়েগো ম্যারাডোনা ও পেদ্রো ট্রগলিয়ো। কিন্তু তা–ও আর্জেন্টিনা জিতল ৩-২ গোলে! আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও গয়কোচিয়া ফিরিয়ে দিয়েছিলেন যুগোস্লাভিয়ার স্টয়কোভিচ, ব্রনোভিচ আর হাদজিবেগিচের তিন তিনটি পেনাল্টি!

আর্জেন্টিনা-ইংল্যান্ড (১৯৯৮ বিশ্বকাপ)
ফ্রান্স বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা মুখোমুখি হয় ইংল্যান্ডের। ম্যাচের ৬ মিনিটে গ্যাব্রিয়েল বাতিস্তুতার পেনাল্টি গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। ১০ মিনিটে ইংল্যান্ডের অ্যালান শিয়ারার পেনাল্টি থেকেই সমতা ফেরান। ১৬ মিনিটে মাইকেল ওয়েন ২-১ গোলে ইংল্যান্ডকে এগিয়ে দিলেও সেই গোল ৪৬ মিনিটে শোধ দিয়ে দেন আর্জেন্টিনার হাভিয়ের জানেত্তি। পুরো ম্যাচে ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি মিস করেন হার্নান ক্রেসপো। কিন্তু ইংল্যান্ডের ইনস ও ব্যাটি মিস করায় ৪-৩ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনাই।

আর্জেন্টিনা-জার্মানি (২০০৬ বিশ্বকাপ)
স্বাগতিক জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের ৪৯ মিনিটে রবার্তো আয়ালার গোলে এগিয়েও যায় তারা। ৮০ মিনিটে জার্মানিকে সমতায় ফেরান মিরোস্লাভ ক্লোসা। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে জার্মানির চারজন গোল করলেও আর্জেন্টিনার আয়ালা ও ক্যাম্বিয়াসোর শট সেভ করেন জার্মানির লেম্যান। ৪-২ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।