৩০ থেকে তিনের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি থাকবেন, জানা কথা। ক্রিস্টিয়ানো রোনালদোও থাকবেন, সেটিও অজানা ছিল না। নেইমার-সুয়ারেজ-বেলদের ক্ষেত্রেও ব্যাপারটা একই। এবার ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকা প্রকাশিত হয়েছে গত পরশু, তাতে আসলে চমক হয়ে কোনো খেলোয়াড় এসেছেন কি? সোজা উত্তর—না!

চমক নেই, তবে চাইলে রোমান্টিসিজম খুঁজে নিতে পারেন। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার রূপকথার দুই নায়ক রিয়াদ মাহরেজ ও জেমি ভার্ডি আছেন সংক্ষিপ্ত তালিকায়। পাঁচ বছর আগেও অপেশাদার লিগে খেলতেন ভার্ডি, মাহরেজ তো মাত্র দুই মৌসুম আগে সুযোগ পেয়েছেন লেস্টারের মূল দলে। তাঁরাই এবার ব্যালন ডি’অরের মঞ্চ আলোকিত করবেন ইউরোপ-সেরাদের সঙ্গে।

এবারের ব্যালন ডি’অর অবশ্য গত ছয়বারের চেয়ে অনেকটা বদলে গেছে। ফিফার কাছ থেকে আলাদা হয়ে গেছে পুরস্কারটি। ২০১০ সালে গাঁটছড়া বাঁধার পর থেকে পুরস্কারটি ছিল ‘ফিফা ব্যালন ডি’অর’ নামে, গত সেপ্টেম্বরে দুই পক্ষের চুক্তি নবায়ন না হওয়ায় এখন আবার পুরস্কার দুটির পথ গেছে দুদিকে বেঁকে। আরেকটি পরিবর্তন, ৩০ জন থেকে এবার সরাসরিই ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সেরা তিনজন।

ক্লাবের হিসাবে ৩০ জনের তালিকায় সবচেয়ে বেশি ছয় খেলোয়াড় রিয়াল মাদ্রিদ থেকে। আর দেশের হিসাবে এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা—চারজন করে আছেন তালিকায়। রয়টার্স।