৩০ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি উত্তর আয়ারল্যান্ডের পোর্টাডাউনে এসেছিলেন ১৯৮৬ সালে, অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার এক মাস পরে। নামের আগে স্যার পদবি যোগ করে ফার্গুসন ইউনাইটেডের কোচের পদ থেকে অবসর নিয়েছেন ২০১৩ সালে। কিন্তু থামার কোনো লক্ষণ ছিল না রনি ম্যাকফলের। ম্যাকফল অবশেষে ক্লাবটির কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন গত পরশু। কয়েক দিন আগে নর্দার্ন আইরিশ কাপে অপ্রত্যাশিতভাবে হেরেছে পোর্টাডাউন, লিগেও নেমে গেছে সপ্তম স্থানে। এই দুই মিলিয়েই সিদ্ধান্ত নিয়েছেন দলকে ৪টি লিগসহ ২০টি ট্রফি জেতানো ম্যাকফল।
টানা ৩০ বছর একটি ক্লাবে কোচিং! ৭০ বছর বয়সী ম্যাকফলই ছিলেন ইউরোপে সবচেয়ে লম্বা সময় ধরে কোনো দলের কোচ। তবে সর্বকালের রেকর্ড থেকে অনেকটা দূরেই থেকে গেলেন ম্যাকফল। ফরাসি ক্লাব অজেরিকে ১৯৬১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কোচিং করিয়েছিলেন গাই রু। অবশ্য তিনবার অল্প কিছুদিনের জন্য দায়িত্ব ছেড়েছিলেন রু। এএফপি।