ফেডারেশন কাপে সর্বশেষ সেমিফাইনাল কবে খেলেছে রহমতগঞ্জ? ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ স্মৃতি হাতড়ে তুলে আনেন ১৯৮৭ সালের সেই সেমিফাইনালের কথা। তাতে মোহামেডানের কাছে ৪ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল। ৩০ বছর পর ফেডারেশন কাপের আরেকটি সেমিফাইনালে রহমতগঞ্জ নিশ্চিত করেই আজ চাইবে না ’৮৭-এর সেই বিকেল ফিরে আসুক। রহমতগঞ্জ বরং ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর।
কিন্তু সামনে চট্টগ্রাম আবাহনীর মতো দল পড়ে যাওয়ায় কাজটা ভীষণ কঠিন। যারা এই ফেডারেশন কাপে শতভাগ জয়ের ধারায়। গ্রুপে হারিয়েছে মোহামেডান-আরামবাগকে। শেষ আটে শেখ রাসেলকে। সেই ধারা রাখতে পারলে আজ রহমতগঞ্জ আর এমন কী চট্টগ্রাম আবাহনীর সামনে!
কিন্তু রহমতগঞ্জ আসলে অনেক কিছুই! এই দলে তেমন তারকা না থাকলেও আছেন কামাল বাবু নামে একজন কোচ, যাঁর হাত ধরে ছোট দল ‘বড়’ হয়ে ওঠে। গতবার লিগেই যেমন রহমতগঞ্জ শীর্ষে ছিল প্রথম পর্ব শেষে। এবার দল বদলে ২০ জন ফুটবলার চলে গেছেন। কিন্তু তারুণ্যনির্ভর নতুন দল নিয়েই কামাল বাবুর চমক দেখানোর শুরু ফেডারেশন কাপের সেমিতে ওঠে।
কিন্তু কামাল বাবুর দৃষ্টি আরও সামনে, ‘আমরা বিশ্বাস করি, চেষ্টা করলে ফাইনালে খেলাও সম্ভব।’ দলটির অধিনায়ক ও মিডফিল্ডার নাইমুর রহমান শাহেদ উন্মুখ ফাইনালে উঠে এলাকার মানুষদের বড় একটা উপহার দিতে। মহল্লা থেকে তাই অনেক সমর্থক বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে বসে সন্ধ্যা সোয়া ৭টায় শুরু ম্যাচটা দেখবেন।
এই সমর্থকদের হতাশায় ডুবিয়ে প্রথমবার ফেডারেশন কাপের ফাইনালে উঠতে উদ্গ্রীব বড় বাজেটের চট্টগ্রাম আবাহনী। আজ তারাই ফেবারিট, রহমতগঞ্জ আন্ডারডগ। তবে চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জাহিদ হোসেন সতর্ক, ‘রহমতগঞ্জ অঘটন ঘটাতে চাইবে। আমরা ওদের সুযোগ দেব না।’
চট্টগ্রাম আবাহনীতে এবার অভিজ্ঞ ফুটবলার মামুনুল, জাহিদ, শাখাওয়াত রনি। বাকিদের অভিজ্ঞতা কম থাকলেও দেশের শীর্ষ ফুটবলার সবাই। বিশেষ করে দলটির আক্রমণ সবচেয়ে শক্তিশালী।
চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল, যে দলে দুজন বিদেশি স্টপার আছে। কোচ সাইফুল বারী আস্থা রাখছেন পুরো দলের ওপর। কিন্তু তাঁর সব হিসাব পাল্টে ইসমাইল বাঙ্গুরারা রহমতগঞ্জকে ফাইনালে নিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না!