৩০ বছর পর হাঙ্গেরি
বুদাপেস্টের ফেরেঙ্ক জুজসা স্টেডিয়ামে লাঠিতে ভর দিয়ে যেসব অশীতিপর সমর্থক এসেছিলেন, তাঁরা কি পরশু ম্যাচ শেষে চোখ মুছেছেন? এই বুদাপেস্টে ইংল্যান্ডকে ৭-১ গোলে বিধ্বস্ত হতে দেখেছেন। পুসকাস, ককসিসরা তাঁদের সময় এই বুদাপেস্টে এনে দিয়েছেন কত সোনালি মুহূর্ত! সেই দিন বাসি হয়েছে অনেক আগেই, হাঙ্গেরির অতীত শৌর্য এখন রূপকথার মতোই শোনায়। পরশু অনেক দিন পর ফুটবল আবার উপহার দিল আনন্দের উপলক্ষ। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ২০১৬ ইউরোর চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে হাঙ্গেরি। ৩০ বছর পর আবার বড় কোনো আসরে পা রাখল ‘ম্যাজিকাল ম্যাগিয়ার্সে’র উত্তরসূরিরা।
আগামী বছর ফ্রান্সের চূড়ান্ত পর্বে হাঙ্গেরি এক পা দিয়ে রেখেছিল আগেই। নরওয়েকে আগের ম্যাচে ১-০ গোলে হারিয়েই কাজটা অর্ধেক সেরে রেখেছিল। পরশু নিজেদের মাঠে ২-১ গোলের জয়ে সেটি নিশ্চিত হলো। ১৪ মিনিটে টমাস প্রিসকিনের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। ৮৩ মিনিটে মার্কাস হেনরিকসেনের আত্মঘাতী গোলে প্রায় নিশ্চিত হয়ে যায় জয়। হেনরিকসেন চার মিনিট পরে গোল করে ‘প্রায়শ্চিত্ত’ করলেও সেটি নরওয়ের জন্য শুধু সান্ত্বনাই হয়েছে। ১৯৭২ সালের পর আবার তাই ইউরোতে থাকছে হাঙ্গেরি। এএফপি।