দল দুটি চেনা, কিন্তু স্কোরটা? ফুটবল ছেড়ে ইংলিশ ক্লাব দুটি মুখোমুখি হলো কোন খেলায়? প্রশ্নটা উঠতেই পারে। স্কোরটা যে চোখ কপালে ওঠানোর মতোই।
স্কোরটা ফুটবলেরই। পরশু ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডের। যাতে ম্যারাথন টাইব্রেক জিতেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লিভারপুল। দুদলকে আলাদা করতে টাইব্রেকারে শট নিতে হয়েছে মোট ৩০টি।
পেনাল্টি শ্যুটআউট নাটকের আগে নাটকীয়তা ছিল অতিরিক্ত সময়েও। নির্ধারিত সময়ে ১-১, অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি গোলে সমতা আনে মিডলসবরো (২-২)। আসল নাটক শুরু এরপরই। টাইব্রেকারে নেওয়া মিডলসবরোর প্রথম শটটা বাঁচিয়ে দেন সিমন মিনিয়োলেত। এরপর রহিম স্টার্লিং লিভারপুলের পঞ্চম শটটা মিস করলে আবারও সমতা।
এরপর গোল হলো টানা ২০টি! গোল করলেন দুদলের গোলরক্ষকও। ১১ জনের পালা শেষ হওয়ার পর দ্বিতীয়বারের মতো শট নিলেন আটজন। এই আটের শেষজন আলবার্ট আদোমা ৩০তম শটটা বাইরে মারতেই লিভারপুলের খেলোয়াড়েরা মেতে উঠলেন উল্লাসে। শেষ হলো ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবলে দীর্ঘতম টাইব্রেকার। এএফপি, বিবিসি।