৩০ সেকেন্ড ও একটি লাল কার্ড

ক্লদিও রানিয়েরির আক্ষেপের গল্পটার শিরোনাম হতে পারে এমন—৩০ সেকেন্ড ও একটি লাল কার্ড। আর্সেনালের মাঠে যে কাল তাঁর দল ২-১ গোলে হেরে গেল, সেটি তো এই দুই কারণেই। কে জানে, লেস্টার সিটির সঙ্গে তাদের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার ব্যবধানও হয়ে দাঁড়ায় কিনা এই হার!
ম্যাচের যখন ৩০ সেকেন্ড বাকি, সে সময়ও আর্সেনালের সঙ্গে ১-১ সমতায় লেস্টার সিটি। লিগ শিরোপার দৌড়ে থাকা প্রতিপক্ষের মাঠে হয়তো ওই ফলই খুশি মনে মেনে নিতেন রানিয়েরি। কিন্তু ম্যাচের একেবারে শেষ শটটা সর্বনাশ ডেকে আনল। লেস্টারের বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল আর্সেনাল। মেসুত ওজিলের ক্রসে মাথা ছুঁইয়ে আর্সেনালকে দুর্দান্ত জয় এনে দিলেন ড্যানি ওয়েলবেক।
এ তো গেল শেষ ৩০ সেকেন্ডের আক্ষেপের গল্প। তার আগে লেস্টারের আক্ষেপ হয়ে এসেছে ড্যানি সিম্পসনের লাল কার্ড। ৫৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লেস্টার ডিফেন্ডার মাঠ ছাড়ার আগে তো ম্যাচে এগিয়ে ছিল লেস্টারই। গোল কে করেছিলেন সেটি অনুমান করতে পারার কথা—জেমি ভার্ডি। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি থেকে গোল করেন ইংলিশ স্ট্রাইকার।
কিন্তু লাল কার্ডটিই ম্যাচটা লেস্টারের হাত থেকে বের করে নিয়ে গেল। এর আগ পর্যন্ত যে ম্যাচ দুলছিল এদিক-ওদিক, সেটিই হয়ে গেল আর্সেনালের আক্রমণ বনাম লেস্টারের রক্ষণ। তাতে জয় হলো সানচেজ-ওজিলদের। ৭০ মিনিটে থিও ওয়ালকটের গোলে প্রত্যাবর্তনের শুরু। এরপর একেবারে শেষ মিনিটে প্রায় নয় মাস পর মাঠে নামা ওয়েলবেকের গোল—আর্সেনাল যেন দেখিয়ে দিল, কঠিন পরিস্থিতিতে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাও কাজে লাগে অনেক সময়।
মৌসুমের শুরু থেকেই কেন তাদের শিরোপার অন্যতম বড় দাবিদার ভাবা হচ্ছে, সেটিই যেন আরেকবার দেখিয়ে দিল আর্সেন ওয়েঙ্গারের দল। অথচ এই ম্যাচের আগে রেকর্ডটাও তাদের পক্ষে ছিল না। লিগের শীর্ষে থাকা কোনো দলের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচে মাত্র ১ বারই জিততে পেরেছিল আর্সেনাল।
কিন্তু এই মৌসুমে আর্সেনাল যেন একটু অন্য ধাতুতে গড়া। এরা চাপের মুখে ভেঙে পড়ে না। কোচ আর্সেন ওয়েঙ্গারও বললেন সেটি, ‘এটা আমাদের বিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে যে, আমরা লড়াইয়ে আছি। ম্যাচে আমরা অফুরন্ত প্রাণশক্তি নিয়ে ফিরে এসেছিলাম। শেষ পর্যন্ত এটি আসলে দুই দলের মানসিকতার লড়াই হয়ে দাঁড়িয়েছিল।’
আর লেস্টার কোচের কণ্ঠে শুধু লাল কার্ডের আক্ষেপ, ‘জানি না স্বাভাবিক কোনো ম্যাচে ওই দুটি হলুদ কার্ড দেখতে হতো কি না। ওগুলো সাধারণ ফাউল ছিল, তবে হলুদ কার্ড নয়। আমার মনে হয় রেফারি একটু বেশিই কঠোর ছিলেন।’
একই রাতে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা লড়াই আরও জমিয়ে তুলেছে টটেনহাম। গত রাতের হারের পরেও ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষেই আছে লেস্টার। সমান ম্যাচে টটেনহাম ও আর্সেনাল—দুই দলেরই পয়েন্ট ৫১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানটা টটেনহামের। ২৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সিটি আছে চার নম্বরে। ইএসপিএন।