৩০০তম লিসবন ডার্বিতে সমতা
অন্য অনেক ডার্বির মতো এখানেও গল্পটা একই রকম। লিসবন শহরের দুই ক্লাব বেনফিকা ও স্পোর্টিং সিপি (স্পোর্টিং লিসবন); বেনফিকা শ্রমিকদের প্রতিনিধি, স্পোর্টিং ধনীদের। মাত্র তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ক্লাব দুটির দ্বৈরথ শুরুর গল্পটাও অর্থ-সংক্রান্ত ব্যাপার ঘিরেই। ১৯০৭ সালে বেনফিকার আটজন খেলোয়াড় আরও ভালো থাকা ও বেতনের কথা ভেবে চলে গিয়েছিলেন স্পোর্টিংয়ে। সেই শুরু। পরশু হলো লিসবন ডার্বির ৩০০তম সংস্করণ! তবে তাতে জেতেনি কোনো দলই, ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। এএফপি।
ফুটবলীয় সাফল্যে এখন অবশ্য ‘ধনী’ বেনফিকাই। পর্তুগিজ লিগে টানা তিনবারের চ্যাম্পিয়ন দলটি স্পোর্টিংয়ের মাঠে এর আগে টানা দশ ম্যাচে হারেনি। পরশু পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে আদ্রিয়েন সিলভার গোলে ধারাটা ভেঙে দেওয়ার ক্ষণই হয়তো গুনছিল স্পোর্টিং। কিন্তু হয়নি ৬৬ মিনিটে বেনফিকা ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ ফ্রি কিক থেকে গোল করায়। লিগে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে বেনফিকা, ৬৪ পয়েন্ট নিয়ে তিনে স্পোর্টিং।