৩০৪ দিন পর মাটিতে নামল মিলান

মিলানকে মাটিতে নামাল রোনালদোর জুভেন্টাসছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনাম দেখে খটকা লাগার কিছু নেই। হারজিতের দৃষ্টিকোণ থেকে সিরি ‘আ’-র চলতি মৌসুমে এসি মিলান এক অর্থে উড়ছিল। টানা ১৫ ম্যাচে অপরাজিত! মিলানের এই অপরাজিত থাকার রথকে কাল মাটিতে নামিয়েছে জুভেন্টাস। ফেদেরিকো চিয়েসার জোড়া গোলে সান সিরো থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ‘তুরিনের বুড়ি’রা। সিরি ‘আ’-তে এ মৌসুমে এটাই প্রথম হার মিলানের। শুধু কি তা–ই, লিগে সব মিলিয়ে মিলান হারের মুখ দেখল ৩০৪ দিন পর!

ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যে এগিয়ে যায় জুভেন্টাস। ১৮ মিনিটে পাওলো দিবালার সঙ্গে দারুণভাবে বল আদান-প্রদান করে গোল করেন চিয়েসা। আর্জেন্টাইন তারকার ব্যাকহিল থেকে গোলটি করেন ফিওরেন্তিনা থেকে ধারে আসা চিয়েসো। প্রথমার্ধের ৪১ মিনিটে ডেভিড কালাব্রিয়ার গোলে সমতায় ফেরে মিলান। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে দিবালার পাস থেকে নিচু শটে জুভেন্টাসকে আবারও এগিয়ে দেন ইতালিয়ান উইঙ্গার চিয়েসো। নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে ম্যাচের শেষ গোলটি করেন ‘জুভ’ মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককিনি। লিগে গত ২৮ ম্যাচের মধ্যে প্রথম দল হিসেবে মিলানকে হারাল জুভেন্টাস, সেটিও দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা আলভারো মোরাতাকে ছাড়াই।

রোনালদোকে আটকানোর চেষ্টা।
ছবি: রয়টার্স

ম্যাচের দুই অর্ধেই ফিনিশিংয়ে দারুণ ঠান্ডা মাথার পরিচয় দেন ২৩ বছর বয়সী চিয়েসো। ৪৩ শতাংশ সময় বল দখলে রাখা মিলান ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্ট তাক করে অনেক শট নিয়েও কিছু করতে পারেনি। উল্টো জুভেন্টাস গোলরক্ষক সেজনির ফর্ম ফিরেছে। বিশেষ মিলানের দিয়েগো দালতের ২০ গজি দূরত্বের শট দারুণ দক্ষতায় রুখে দেন সেজনি। মোট ৮টি শট ‘সেভ’ করেন পোলিশ এ গোলরক্ষক। চোটের কারণে ৬৩ মিনিটে চিয়েসোকে তুলে নেন জুভেন্টাস কোচ আন্দ্রেয়া পিরলো।

চিয়েসার ফিনিশিং ছিল দারুণ।
ছবি: রয়টার্স

হারলেও সিরি ‘আ’-তে টানা ম্যাচে গোল করার অভ্যাস পাল্টায়নি মিলান। লিগে এ নিয়ে টানা ৩৬ ম্যাচে গোল পেল মিলান। প্রতিযোগিতাটির ইতিহাসে এর আগে মাত্র দুবার গোল করার ব্যাপারে মিলানের চেয়ে ভালো রেকর্ড আছে। ২০১৪ সালে টানা ৪৩ ম্যাচে গোল করেছিল জুভেন্টাস। এর তিন বছর পর সেটি ৪৪-এ উন্নীত করে তারা। মিলানকে প্রতিপক্ষ হিসেবে পেলে চিয়েসোর ঘাড়েও কী যেন ভর করে! মিলানের বিপক্ষে এ পর্যন্ত ৬ গোলে অবদান রাখলেন তিনি। ৩টি গোল করেছেন, বানিয়েছেন আরও ৩টি।

সিরি ‘আ’-তে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকার পর হারল মিলান। সর্বশেষ মার্চে জেনোয়ার বিপক্ষে ঘরের মাঠে হেরেছিল মিলান।