৩১ বছর পর বিলবাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ বছর পর হাতে ট্রফি নেওয়ার সুযোগ এসেছে। অ্যাথলেটিক বিলবাওয়ের উদ্‌যাপনটাও তাই এমন বাঁধভাঙা! পরশু বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর l এএফপি
৩১ বছর পর হাতে ট্রফি নেওয়ার সুযোগ এসেছে। অ্যাথলেটিক বিলবাওয়ের উদ্‌যাপনটাও তাই এমন বাঁধভাঙা! পরশু বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর l এএফপি

কাজটা ছিল অক্সিজেন ছাড়াই এভারেস্টে ওঠার মতো কঠিন। বার্সেলোনা অর্ধেকও উঠতে পারল না, তার আগেই পা ফসকে পপাত ধরণিতল। আর অনেক অপেক্ষার পর অ্যাথলেটিক বিলবাও উঠতে পারল চূড়ায়। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে দুই দলের ১-১ ড্রতেই নিশ্চিত হয়ে গেছে, ৩১ বছর পর আবার কোনো ট্রফি শোভা পাবে বিলবাওয়ের শোকেসে। বার্সেলোনার এক বছরে ছয় শিরোপার স্বপ্নও তাই মুখ থুবড়ে পড়ল।
প্রথম লেগে ৪-০ গোলে হারের পরেই নিশ্চিত হয়ে গিয়েছিল, পরশু বার্সেলোনাকে অলৌকিক কিছুই করতে হবে। ৪৩ মিনিটে লিওনেল মেসির গোলে আশার পালে মৃদুমন্দ হাওয়াও যেন লাগতে শুরু করল। কিন্তু আক্ষরিক অর্থে ম্যাচটা শেষ হয়ে গেছে ৫৭ মিনিটে। একটা অফসাইডের সিদ্ধান্ত নিয়ে সহকারী রেফারির কাছে গিয়ে চিৎকার করে কী যেন বলতে শুরু করেছিলেন জেরার্ড পিকে। সঙ্গে সঙ্গেই রেফারির লাল কার্ডে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় বার্সেলোনা ডিফেন্ডারকে। পরে জানা গেছে, রেফারিকে অশ্রাব্য কিছু বলেছিলেন। সেটার জন্য এখন পিকে ১২ ম্যাচ নিষেধাজ্ঞা পেতে পারেন বলেও শোনা যাচ্ছে!
চার গোলে পিছিয়ে থাকার পর বার্সেলোনা কখনো ফিরতি লেগে ব্যবধান ঘোচানো জয় পায়নি। পরশু লুইস এনরিকে সম্ভাব্য সেরা একাদশটাই নামালেন। ন্যু ক্যাম্পে বার্সাও আগের ম্যাচের ভূত তাড়াতে শুরু থেকেই মরিয়া। কিন্তু বিলবাও রক্ষণ নিজেদের কাজটা ভালোমতোই করল। বার্সাও নিজেদের খানিকটা দুর্ভাগা মনে করতে পারে, প্রথমার্ধে পিকের শট ফিরে এসেছিল ক্রসবারে লেগে। লুইস এনরিকে সেটা নিয়ে একটু আফসোসও করলেন। তবে শেষ পর্যন্ত পিকের লাল কার্ডটাকেই বড় করে দেখালেন বার্সা কোচ, ‘পিকে চলে যাওয়ার পরেই ম্যাচটা আসলে শেষ হয়ে গেছে।’ এরপর ৭৪ মিনিট আগের লেগের হ্যাটট্রিক হিরো আরিজ আদুরিজের গোলটা বার্সার কফিনে ঠুকে দিয়েছে শেষ পেরেক।
এমন ম্যাচের পর অজুহাত খোঁজাটা আসলে অর্থহীন। এনরিকে সেটা করলেনও না, ‘যোগ্য দল হিসেবেই ওরা জিতেছে। কয়েক মাস আগেই আমি বলেছিলাম একটা শিরোপা ওদের পাওয়া উচিত।’ ডিফেন্ডার দানি আলভেস অবশ্য ক্লান্তিকেই হারের একটা বড় কারণ বলে ভাবছেন, ‘ইউরোপিয়ান সুপার কাপের (সেভিয়ার সঙ্গে আগের সপ্তাহে) ম্যাচের পর আমরা প্রস্তুতির খুব একটা সময় পাইনি। সে জন্যই বোধ হয় পরের দুই ম্যাচে আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারিনি। তবে এসব কোনো অজুহাত নয়।’
বিলবাওয়ের অবশ্য এসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই। শিরোপার জন্য কতটা তৃষিত ছিল সেটা তো আদুরিজের কথা থেকেই বোঝা যাচ্ছে, ‘আমার মেয়ের জন্ম নেওয়ার দিনটি ছাড়া এটাই আমার জীবনের সবচেয়ে সুখের দিন।’
বার্সেলোনা অবশ্য খুব শিগগিরই ‘প্রতিশোধে’র সুযোগ পেয়ে যাচ্ছে। সামনের সপ্তাহে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচই যে এই দুটি দলকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে! এএফপি, ইএসপিএন, গোলডটকম।