৩২ বছর পর ২৪ বছরের দিয়াস

ম্যানচেস্টার সিটির পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াসের রক্ষণ দেয়ালে এভাবেই আটকে থেকেছেন অনেক বড় তারকা।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুমেই বাজিমাত করে দিলেন রুবেন দিয়াস। তাঁর দল সিটি জিতেছে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ, উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির শূন্যস্থান কী দারুণভাবেই পূরণ করেছেন বেনফিকা থেকে সিটিতে আসা পর্তুগিজ ডিফেন্ডার! নগদ স্বীকৃতিও পেয়ে গেলেন। ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লুএ) ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী দিয়াস।

ইংল্যান্ডের ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী দিয়াস (বাঁয়ে)।
ছবি: রয়টার্স

৩২ বছর পর প্রথম ডিফেন্ডার হিসেবে এফডব্লুএর বর্ষসেরা হলেন দিয়াস। ১৯৮৯ সালে বর্ষসেরা হয়েছিলেন লিভারপুল ডিফেন্ডার স্টিভ নিকোল। ভোটাভুটিতে টটেনহামের হ্যারি কেইন ও সতীর্থ কেভিন ডি ব্রুইনাকে পেছনে ফেলা দিয়াস ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে জিতলেন এই পুরস্কার। দিয়াসের আগে ইংলিশ ক্লাবে প্রথম মৌসুম খেলেই এর আগে বর্ষসেরা হয়েছেন টটেনহামের জার্মান তারকা ইয়ুর্গেন ক্লিন্সমান (১৯৯৫) ও চেলসির ইতালিয়ান তারকা জিয়ানফ্রাঙ্কো জোলা (১৯৯৭)।

ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার জয়ের কৃতিত্ব দিয়াস (ডানে) দিয়েছেন সতীর্থদের।
ছবি: রয়টার্স

গত বছরের সেপ্টেম্বরে দিয়াসকে ৬ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে এনেছিল সিটি। ইতিহাদকে ঠিকানা করার পর থেকেই অসাধারণ খেলছেন পর্তুগিজ ডিফেন্ডার। তবে এ পুরস্কার জয়ের কৃতিত্ব ভাগ করে দিয়েছেন সব সতীর্থকে, ‘এটা খুব বড় অর্জন। নিশ্চিত করেই দলের সাফল্য ছাড়া আমি এটা পেতাম না।’

ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোট পেয়েছেন ম্যানচেস্টার সিটির ৯ জন ফুটবলার। ভোটের ৫০ শতাংশই পেয়েছেন তাঁরা। এ যেন দিয়াসের কথাকেই সমর্থন করে, ‘আমার এই পুরস্কার জয় এটাই প্রমাণ করে যে মাঠে আমরা কতটা সংগঠিত। আমরা কী রকম পারফর্ম করি আর আমাদের সব খেলোয়াড়ের মাঠে কেমন চেতনা।’
দিয়াস কেন পুরস্কারটি জিতেছেন, সেটা বলতে গিয়ে এফডব্লুএর চেয়ারম্যান ক্যারি ব্রাউন বলেছেন, ‘রুবেন দিয়াস পুরস্কারটি পেয়েছেন মাঠে ও মাঠের বাইরে তাঁর নেতৃত্ব আর রক্ষণশিল্পকে যতটা সম্ভব নিখুঁত করতে পেরেছেন বলেই।’