৩২ বছর পর লিগ শিরোপা জিতেছে ইয়াং বয়েজ

দলের নামটিই আগ্রহ জাগায়। পাড়ার ছোট বালকদের ফুটবল দলগুলোর মতোই নাম, ইয়াং বয়েজ অব বার্ন। অথচ শিরোপা জেতার আনন্দে মাতার অপেক্ষায় থাকতে থাকতে এ দলটির অধিকাংশ সমর্থকই বুড়ো হতে বসেছিলেন। ৩০ বছর ধরে ট্রফি উঁচিয়ে উল্লাস করতে পারছিল না সুইজারল্যান্ডের এ দলটি। অবশেষে অপেক্ষা ফুরোল, ৩২ বছর পর সুইস সুপার লিগ জিতেছে ইয়াং বয়েজরা।
নামটা ইয়াং হলেও ক্লাবটির ইতিহাস বেশ পুরোনো। ১৮৯৮ সালে চার বিশ্ববিদ্যালয়পড়ুয়া মিলে জন্ম দিয়েছিলেন ক্লাবটির। প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যেই শিরোপা জয়। সাফল্যের এই ধারা চলেছে অনেক দিন। নব্বইয়ের দশকের মধ্যে ১১ বার লিগ জিতেছে দলটি। মাঝে দুবার শিরোপা–খরা দেখতে হয়েছে দলটিকে। ত্রিশ থেকে পঞ্চাশের দশকে ২৮ বছর লিগে কোনো সাফল্য পায়নি ইয়াং বয়েজরা। ষাটের দশক থেকে আশির দশকেও ২৬ বছরের একটা খরা পার করেছে তারা। কিন্তু এ সময় সুইস কাপে অন্তত শিরোপা জিতেছে দলটি।
১৯৮৫-৮৬ মৌসুমে লিগ জেতার পরই নিজেদের সবচেয়ে বাজে সময় কাটিয়েছে ইয়াং বয়েজ। পরের বছর সুইস কাপ জেতার পর গত তিন দশকে আর কোনো শিরোপা জয় করেনি তারা। এর মাঝে সুইস লিগে রাজত্ব পাট বসিয়ে নিয়েছে এফসি বাসেল। টানা ৮ মৌসুম লিগ জিতেছে এবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় ওঠা ক্লাবটি। এর মাঝে গত তিনবার লিগে দ্বিতীয় হয়েছে ইয়াং বয়েজ। এবার শুরুতেই দৌড়ে এগিয়ে যাওয়া বয়েজরা ভুল করেনি কোনো, পুরো সময়ই শীর্ষস্থান ধরে রেখেছে। এতেই ৪ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে কাল।
দুটি লিগ শিরোপা জয়ের মাঝে এমন লম্বা অপেক্ষা অবশ্য ফুটবলে নতুন নয়। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াও প্রায় এমন স্বাদ পেয়েছিল। ১৯৭১ সালে লিগ জেতার পর শিরোপার স্বাদ প্রায় ভুলেই গিয়েছিল দলটি। রাফা বেনিতেজের অধীনে ২০০২ সালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দিয়ে লিগ জিতে নেয় ভ্যালেন্সিয়া। ৩১ বছর পর!
তবে ইউরোপে দুই লিগ শিরোপার জন্য অপেক্ষার তালিকার শীর্ষস্থানের ধারেকাছেও নেই ভ্যালেন্সিয়া কিংবা ইয়াং বয়েজ। ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সকে ৮১ বছর অপেক্ষা করতে হয়েছিল লিগ শিরোপার স্বাদ নতুন করে পেতে!
ইউরোপে শিরোপা–খরায় ভোগা উল্লেখযোগ্য দলগুলো
বছর | দল | লিগ | সময়সীমা |
৮১ | ব্ল্যাকবার্ন রভার্স | ইংলিশ লিগ | ১৯১৪-১৯৯৫ |
৭১ | অ্যাস্টন ভিলা | ইংলিশ লিগ | ১৯১০-১৯৮১ |
৫৭ | লিলে | ফ্রেঞ্চ লিগ | ১৯৫৪-২০১১ |
৫০ | চেলসি | ইংলিশ লিগ | ১৯৫৫-২০০৫ |
৪৪ | ম্যানচেস্টার সিটি | ইংলিশ লিগ | ১৯৬৮-২০১২ |
৪১ | ম্যানচেস্টার ইউনাইটেড | ইংলিশ লিগ | ১৯১১-১৯৫২ |