৩৩ পাসের পর গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৩ পাসের গোলটির রেখচিত্র। ছবি: সংগৃহীত।
৩৩ পাসের গোলটির রেখচিত্র। ছবি: সংগৃহীত।

নিজের ১ কোটি ৭০ লাখ ট্রান্সফার ফির প্রতি সুবিচার করতে পারছিলেন না লুকাস পেরেজ। দেপোর্তিভো লা করুনিয়া থেকে গত আগস্টে আর্সেনালে নাম লেখানোর পর গত সোমবার পর্যন্ত তাঁর নামের পাশে গোল ছিল মাত্র দুটি - লিগকাপে নটিংহাম ফরেস্টের বিপক্ষে  । শুরু একাদশেই সুযোগ পাচ্ছিলেন না। সেই পেরেজই গতকাল চ্যাম্পিয়নস লিগে এফসি বাসেলের বিপক্ষে হ্যাটট্রিক করলেন। একই সঙ্গে নাম লিখিয়ে নিয়েছেন চলতি মৌসুমে টুর্নামেন্টের সবচেয়ে বেশি পাসের গোলটির সঙ্গে।
‘পুঁচকে’ বাসেলের বিপক্ষে আর্সেনালের জেতারই কথা। প্রত্যাশিত জয়টি এসেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। দলের প্রথম তিনটি গোলই করেন স্পেনের ফরোয়ার্ড পেরেজ। এর মধ্যে দ্বিতীয় গোলটি অবশ্য কিছুটা ভাগ্যের কল্যাণেই পেয়েছেন তিনি। কিয়েরন গিবসের নেওয়া শট ঠিকভাবে ফেরাতে পারেননি বাসেলের গোলরক্ষক। বল এসে পড়ে বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা পেরেজের পায়ে। সহজেই বল জালে পাঠান তিনি। পেরেজের ভাগ্যে পাওয়া এই গোলটি আসে আর্সেনালের দলীয় খেলার ফসল হিসেবে। গোলটি হওয়ার আগে নিজেদের রক্ষণ থেকে আর্সেনালের খেলোয়াড়েরা ৩৩টি পাস বিনিময় করেছিল। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এত বেশি পাস থেকে আর কোনো গোল হয়নি।
পেরেজের হ্যাটট্রিক গোলটি ছিল ঠিক এর বিপরীতধর্মী। দুটি পাস পরই বল পেয়ে জোরালো শটে গোলটি করেন তিনি। এরপর অ্যালেক্স আইউবি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। গতকাল আরেক ম্যাচে পিএসজি ২-২ গোলে লুদোগোরেতসের সঙ্গে ড্র করায় আর্সেনাল ২০১১-১২ মৌসুমের পর এই প্রথম শীর্ষে থেকেই শেষ করল গ্রুপপর্ব। ২০০৫-০৬ মৌসুমে ফাইনাল খেলার পর এই প্রথমবারের মতো গ্রুপ পর্বে অপরাজিত রইল তারা। তবে গ্রুপ শীর্ষ হওয়ায় শেষ ষোলোতে বার্সেলোনা আর মোনাকোকে এড়াতে পারাটাই হয়তো তাদের জন্য সবচেয়ে স্বস্তির খবর। ২০১৪-১৫ মৌসুমে মোনাকো আর গত মৌসুমে বার্সেলোনা শেষ ষোলো থেকে ছিটকে ফেলেছিল আর্সেন ওয়েঙ্গারের দলকে।