৩৫ লাখ টাকা পারিশ্রমিক, তবু খেপ খেলার অভিযোগ!

বাংলাদেশের ফুটবলারদের বিরুদ্ধে খেপ খেলার অভিযোগটা একেবারেই পুরোনো। শুধু ক্লাব নয়, জাতীয় দলের ক্যাম্পে থেকেও খেপ খেলার অভিযোগ আছে ফুটবলারদের নামে। বারবার সেটা প্রমাণিতও হয়েছে। জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম থেকে শুরু করে উঠতি তারকা হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের নামও আছে সে তালিকায়। নতুন করে নাম লেখালেন সাইফ স্পোর্টিংয়ের উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম ও গোলরক্ষক আনিসুর রহমান জিকো। দুজনের বিরুদ্ধেই খেপ খেলার অভিযোগ তুলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে তাঁদের ক্লাব সাইফ। প্রমাণস্বরূপ খেলার ছবিও গণমাধ্যমকে দেওয়া হয়েছে।
গত বছর ৩৫ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম আবাহনী থেকে সাইফে নাম লেখান ইব্রাহিম। মোটা অঙ্কের টাকা পেলেও মৌসুমটা খুব একটা ভালো যায়নি এই উইঙ্গারের। মৌসুমের শেষের দিকে কিছুটা জ্বলে ওঠার আভাস দিয়েছিলেন। সেই হিসেবেই এএফসি কাপের প্রাথমিক পর্বের দলে রাখা হয়েছিল তাকে। কিন্তু মালেতে অনুষ্ঠিত ফিরতি পর্বের ম্যাচের আগে ইনজুরির জন্য খেলতে অপারগতা প্রকাশ করায় তাঁকে দলে রাখা হয়নি। কিন্তু এই সুযোগে ২৯ ও ৩১ জানুয়ারি কক্সবাজারে খেপ খেলেছেন ইব্রাহিম। প্রমাণ হিসেবে সেদিনের খেপ খেলার ছবিও দেওয়া হয়েছে অভিযোগপত্রে।

ইব্রাহিমও খেলার কথা স্বীকার করেছেন, ‘টিম মালদ্বীপে যাওয়ার আগের দিন আমি ব্যথা পাই। ম্যানেজার আমাকে বলেন, তোর যেহেতু ব্যথা; তাই যাওয়ার দরকার নেই। পরে স্বাধীনতা কাপ থেকেও দল বাদ পড়ে যাই। সামনে আর কোনো খেলা না থাকায় আমাদের ছেড়ে দেওয়া হয়। পরে আমি বাড়ি এসে বিশ্রাম নিলে ব্যথা ভালো হয়ে গেলে খেলতে যাই।’
ইব্রাহিমের সঙ্গে একই দিনে খেপ খেলেছেন গোলরক্ষক আনিসুরও। আনিসুরও খেলার সত্যতা স্বীকার করেছেন, ‘প্রথমে আমি ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলাম। পরে স্বাধীনতা কাপ থেকে আমাদের দল বাদ পড়ে গেলে ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ম্যানেজার। এ ছাড়া আমি এএফসি কাপের দলেও ছিলাম না। তাই খেলতে যাওয়া।’
ইব্রাহিমের মতো ৩৫ লাখ না পেলেও সাইফ থেকে এবার কম পারিশ্রমিক পাননি আনিসুর। ১০ লাখ টাকা পেয়েছেন এই গোলরক্ষক। দেড় বছর ধরে জাতীয় দলের অস্তিত্ব না থাকলেও ক্লাব ফুটবল এখনো জমজমাট। বাংলাদেশের ফুটবলাররা ক্লাবে খেলে বেশ ভালোই রোজগার করেন। কিন্তু খেপ খেলার অভ্যাসটা বদলাতে পারছেন না তাঁরা।
নিজেদের ক্যারিয়ারের জন্য নিজেরাই তো হুমকি হয়ে উঠছেন এই ফুটবলাররা।