৩৯ বছর কোমায় থাকা আদামস অবশেষে ‘ছুটি’ দিলেন স্ত্রীকে

ফ্রান্সের সাবেক ডিফেন্ডার জাঁ-পিয়েরে আদামস (১৯৪৮–২০২১)ফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর জন্ম হাতির দেশে, সিংহের দেশে। খোলাসা করে বললে ‘তেরাঙ্গার সিংহ’দের দেশে—ডাকার, সেনেগাল। চাচা আলেক্সান্দ্রে দিয়াদিয়ু সেনেগালের সবচেয়ে পুরোনো ক্লাব জাঁ ডি’আর্কে খেলতেন, তাই বলা চলে ফুটবল তাঁর রক্তেই ছিল।

কিন্তু পরিবারের বড় ছেলে হওয়ায় বাড়তি দায়িত্ব নিতেই হলো। স্কুলে লেখাপড়ায় ভালো করতে না পারলে ফুটবল খেলায় নিষেধ ছিল। এই লেখাপড়ার খাতিরেই তাঁকে তীর্থযাত্রীদের সঙ্গে একা পাঠিয়ে দেওয়া ফ্রান্সে। জাঁ-পিয়েরে আদামসের শরীর থেকে তখনো শৈশবের গন্ধ দূর হয়নি। সবে ১০ পাড়ি দিয়েছেন।

ফ্রান্সের এক পরিবার দত্তক নেয় আদামসকে। সেই পরিবারেই বেড়ে ওঠা, লেখাপড়া ও ফুটবলের সঙ্গে আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়া। স্থানীয় শহর লোয়ারেইয়ে বিভিন্ন ক্লাব ঘুরে ফ্রান্স জাতীয় দলে ডাক পান ‘নিম’-এ খেলার সময়। সর্বকালের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্ডারের কাতারে থাকা মারিয়াস ত্রেজরকে সঙ্গে নিয়ে ফরাসি রক্ষণে গড়েছিলেন দারুণ এক জুটি। দুজনই কৃষ্ণাঙ্গ, সমর্থকেরা তাঁদের একসঙ্গে ডাকতেন ‘লা গার্দে নইরা’ (কৃষ্ণাঙ্গ প্রহরী) নামে। আজ সেই জুটি ভাঙল।

ফুটবল মাঠে ভেঙেছিল আগেই, আজ জাঁ-পিয়েরে আদামসের নামটা কাটা পড়ল পৃথিবী থেকে। অবশ্য গত ৩৯ বছর তাঁর জীবনটা যেভাবে কেটেছে, তাতে নাম তো কাটা পড়েছিল আগেই। ৭১ বছর বয়সী ত্রেজরই হয়তো তা স্বীকার করবেন। যে মানুষ চলাফেরা করতে পারেননি, চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, কোনো ধরনের জ্ঞান ছিল না, তাঁকে পৃথিবীর ভুলে যাওয়াই স্বাভাবিক। আজ ৭৩ বছর বয়সে নিম বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করে জাঁ-পিয়েরে আদামস যেন বুঝিয়ে দিলেন, তিনি এত দিন বেঁচে ছিলেন!

মারিয়াস ত্রেজর ও জাঁ–পিয়েরে আদামস
ফাইল ছবি: এএফপি

ফ্রান্স জাতীয় দলে পশ্চিম আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলারদের আমদানির পথ দেখানোর সারথিদের অন্যতম জাঁ-পিয়েরে আদামস। মার্সেল দেসাই, প্যাট্রিক ভিয়েরারা তাঁর পথ ধরেই এসেছেন। নিম, নিস ও পিএসজিতে দীর্ঘ সময় খেলেছেন তিনি। তিনটি ক্লাবই তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে।

আদামসের বেড়ে ওঠার সে সময়ে ফ্রান্সে শ্বেতাঙ্গদের কর্তৃত্ব ছিল সব জায়গায়। সেন্ট লুই কলেজে আদামস এই কর্তৃত্ব ভেঙেছিলেন নিজের অ্যাথলেটিজম দিয়ে, আর তাই কৃষ্ণাঙ্গ হয়েও কলেজের বন্ধুদের মুখে শুনতেন আদুরে ডাক ‘সাদা নেকড়ে’। ওদিকে আদামসের জীবন যে খুব মসৃণ গতিতে এগোচ্ছিল, তা নয়। শুরুতে সবাইকেই এমন কষ্ট করতে হয়। স্কুলের পাঠ চুকিয়ে কিছুদিন শ্রম দেন রাবার কারখানায়।

জাতীয় দলে আদামসের অভিষেক ১৯৭২ সালে। চার বছর পর ফ্রান্সের হয়ে শেষ ম্যাচটা খেলার পর দেখা গেল, দেশের হয়ে ম্যাচসংখ্যায় তিনি ছাপিয়ে গেছেন জুস্ত ফঁতের মতো কিংবদন্তিকে। অখ্যাত আদামস যেখানে ফ্রান্সের হয়েছে খেলেছেন ২২ ম্যাচ, বিশ্বকাপের এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া ফঁতে সেখানে ২১। তবে আদামসকে ম্যাচসংখ্যা দিয়ে মনে রাখার কোনো কারণ নেই। নিষ্ঠুর জীবন তাঁকে মনে রাখার অন্য রসদ জুগিয়ে দিয়েছিল।

১৯৮১ সালে পেশাদার ফুটবল ছাড়ার পরের বছর কোচিংয়ে নামতে চেয়েছিলেন আদামস। দিজেঁ একটি কোচিং কোর্সেও ভর্তি হন। সপ্তাহব্যাপী সে কোর্সের তৃতীয় দিনে হাঁটুতে ব্যথা অনুভব করেন আদামস। ভর্তি হন হাসপাতালে। জানা গেল, পায়ের পেশিতন্তুতে সমস্যা, অস্ত্রোপচার করতে হবে। হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে যাওয়ার আগে স্ত্রী বের্নাদেত্তেকে বলে যান, ‘আমি ভালো আছি। সবকিছু ঠিক আছে।’

স্ত্রী বের্নাদেত্তে ও সন্তানের সঙ্গে আদামস
ছবি: টুইটার

বের্নাদেত্তের সঙ্গে আদামসের সম্পর্ক কত গভীর ছিল, তা বোঝা গেছে গত ৩৯ বছরে। সে কথায় পরে আসা যাবে, হাসপাতাল থেকে তাঁকে তিনবার ফোন করে নিয়ে আসা হয়। ফোনে খুব শঙ্কামাখা কণ্ঠে বলা হয়, ‘একটু আসুন।’

আদামস ততক্ষণে কোমায়। বের্নাদেত্তে পাঁচ দিন পাঁচ রাত হাসপাতালে ছিলেন, স্বামীর শারীরিক পরিস্থিতি উন্নতির আশায়। লাভ হয়নি। অপূরণীয় এক ভুল করে ফেলেন হাসপাতালের চিকিৎসকেরা। আদামসের অস্ত্রোপচারের দায়িত্বে থাকা চিকিৎসক সেদিন একই সঙ্গে আটটি অস্ত্রোপচার দেখভাল করছিলেন। এর মধ্যে একটি শিশুর অবস্থা ছিল মারাত্মক। আদামসের অস্ত্রোপচার ছিল সাধারণ এক রুটিন অস্ত্রোপচার, সে কারণেই হয়তো শিক্ষানবিশ এক চিকিৎসকের ওপর অস্ত্রোপচারের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছিল।

অস্ত্রোপচারের আগে আদামসকে চেতনানাশক ওষুধ প্রয়োগে বড় ভুল করে বসেন তাঁরা। মস্তিষ্কে রক্তসঞ্চালন না হওয়ায় তাঁর ব্রেন চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। আদামস এরপর আর কখনো জেগে ওঠেননি।

২০০৭ সালে তাঁর স্ত্রী বের্নাদেত্তে একবার বলেছিলেন, ‘জাঁ–পিয়েরে অনুভব করতে পারে, গন্ধ টের পায়, শুনতে পারে, কুকুর ডাকলে লাফিয়ে ওঠে, কিন্তু দেখতে পায় না।’ এদিকে হাসপাতালের সেসব চিকিৎসকের শাস্তি হয়েছে নামকাওয়াস্তে।

অস্ত্রোপচারের সময় দায়িত্বে থাকা সেই শিক্ষানবিশ চিকিৎসক বলেছিলেন, ‘যে কাজ আমাকে দেওয়া হয়েছিল, আমি তার যোগ্য ছিলাম না।’ শেষ পর্যন্ত নব্বইয়ের দশকের মাঝামাঝি এসে হাসপাতালের চিকিৎসকদের শাস্তি হয়—এক মাসের স্থগিত কারাবাস এবং ৭৫০ ইউরো জরিমানা।

এদিকে আদামস কোমায় চলে যাওয়ার পর বের্নাদেত্তে একদিনের জন্যও তাঁকে ছেড়ে যাননি। হাসপাতাল কর্তৃপক্ষ আদামসের দেখাশোনায় অবহেলা শুরু করে। সব সময় বিছানায় শুয়ে থাকার কারণে পিঠে ঘা হয়। সংক্রমণ বাড়ায় তা হাড় পর্যন্ত পৌঁছায়। তত দিনে হাসপাতাল কর্তৃপক্ষ আদামসের দেখাশোনায় অপারগতা প্রকাশ করে।

১৫ মাস পর বের্নাদেত্তে তাঁকে বাসায় নিয়ে আসেন। এরপর শুরু হয় তাঁর পরীক্ষা। প্রতি রাতে স্বামীর সঙ্গেই ঘুমাতেন বের্নাদেত্তে, মাঝরাতে উঠে স্বামীর শোয়ার পাশ ফিরিয়ে দিতে হতো, নইলে এক পাশে শুতে শুতে যে ঘা হবে।

বের্নাদেত্তে যে বাসায় থাকতেন, স্বামীর জন্য সে বাসার নাম রাখেন ‘হাউস অব বিউটিফুল স্লিপিং অ্যাথলেট’—শোভাময় ঘুমন্ত অ্যাথলেটের ঘর। ধার করে বানানো সে ঘরের কর্জ পরিশোধেও কঠিন সময় পাড়ি দিতে হয় বের্নাদেত্তেকে।

এদিকে আদামসের ক্লাব নিম, নিস ও পিএসজি আর্থিক সাহায্য করেছে। ফ্রান্স ফুটবল ফেডারেশনও বসে থাকেনি। মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান, জাঁ–পিয়েরে পাপাঁদের দাতব্য সংস্থাও প্রীতি ম্যাচ আয়োজন করে আদামসকে আর্থিক সহায়তা দিয়েছে। কিন্তু আদামসের জীবন আর পাল্টায়নি, তেমনি পাল্টায়নি বের্নাদেত্তের জীবনও।

স্বামীর দেখাশোনার জন্য আলাদা করে লোক রাখতে না পারায় বের্নাদেত্তের অন্য কিছুতে মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না। প্রতিদিন তাঁকে ধোয়ামোছা, পয়পরিষ্কার করতে হয়েছে। বের্নাদেত্তে এই ভালোবাসামাখা সহনশীলতা কোথায় পেয়েছেন, তা বোঝা যায় তাঁর একটি মন্তব্যে, ‘আমার জন্য সময়টা স্থির হয়ে গেছে ১৯৮২ সালের ১৭ মার্চ থেকে (আদামস যেদিন কোমায় চলে যান)।’

দীর্ঘ ৩৯ বছর পর বের্নাদেত্তে আজ ছুটি পেলেন। আর অষ্টপ্রহর তাঁকে স্বামীর সেবাযত্ন করতে হবে না। এমন ছুটি কি তিনি চেয়েছিলেন? ভালোবাসলে এমন ছুটি কেউ চায়!