৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

>
- রোমার বিপক্ষে গোল করেছেন লুই সুয়ারেজ
- চ্যাম্পিয়নস লিগের এ মৌসুমে এটাই তাঁর প্রথম গোল
- ৩৯২ দিন পর এই টুর্নামেন্টে গোলের মুখ দেখলেন তিনি
লা লিগায় এবার ২৬ গোল নিয়ে শীর্ষে লিওনেল মেসি। সমান ২২ গোল নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় লুই সুয়ারেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তা–ই নয়, এ মৌসুমে বার্সেলোনার শীর্ষ গোলদাতাদের মধ্যেও সুয়ারেজ ২৫ গোল নিয়ে দ্বিতীয়। শুধু চ্যাম্পিয়নস লিগেই উরুগুয়ে স্ট্রাইকারটির কী যেন হয়!
কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে অবশ্য গোলের মুখ দেখেছেন। এএস রোমার বিপক্ষে বার্সার ৪-১ ব্যবধানে জয়ে শেষ গোলটা সুয়ারেজের। সেটাও বেশ দীর্ঘ প্রতীক্ষার পর। চ্যাম্পিয়নস লিগের এ মৌসুমে ৯ ম্যাচে ৭৯৪ মিনিট মাঠে থেকে মাত্র ১ গোল! টুর্নামেন্টটির এ মৌসুমে ৩০টি শটে গোল করতে ব্যর্থ হওয়ার পর ৩১তম শটে এসে খরা কাটাতে পারলেন বার্সার এ ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের এ মৌসুমে সবচেয়ে বেশি শট নিয়ে গোলবঞ্চিত থাকা খেলোয়াড়টির নামও কিন্তু সুয়ারেজ!
রোমার বিপক্ষে ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগে সুয়ারেজ সর্বশেষ গোল করেছিলেন গত মৌসুমে শেষ ষোলোয়। প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে বিখ্যাত সেই ‘কামব্যাক’ (৬-১) ম্যাচে। রোমার বিপক্ষে কাল রাতে লক্ষ্যভেদের আগে আট ম্যাচ গোলবঞ্চিত ছিলেন তিনি। সব মিলিয়ে ৩৯২ দিন পর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে গোলের মুখ দেখলেন সুয়ারেজ। মাঠে থাকার হিসাবে সময়টা ১০৫৮ মিনিট—চ্যাম্পিয়নস লিগে এটাই সুয়ারেজের সবচেয়ে বেশি সময় গোলবঞ্চিত থাকার রেকর্ড, যা তিনি কাটিয়েছেন রোমার জালে গোল করে।