৪ গোলে হারল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার একটি ক্লাবের সঙ্গে খেলা! উত্তর কোরিয়া তো বিশ্বকাপ খেলেছে—এএফসি প্রেসিডেন্টস কাপে রিমিয়াংসুর বিপক্ষে খেলতে নামার আগে এই কথাগুলোই যেন বেশি করে ভাবছিলেন শেখ রাসেলের খেলোয়াড়েরা। ফলে যা হওয়ার তাই। খুব সহজেই উত্তর কোরিয়ার এই ক্লাবটির কাছে আত্মসমর্পণ করেছে গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিজয়ীরা। কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ​রাসেল হেরেছে ৪-০ গোলে।
দুই অর্ধে দুটি করে গোল করেই খেলাটা হেসে-খেলে জিতে নি​য়েছে রিমিয়াংসু। যেকোনো বিচারেই উত্তর কোরীয় ফুটবলের সঙ্গে বাংলাদেশের ফুটবলের মানের অনেক পার্থক্য থাকলেও আজ কলম্বোয় পার্থক্যটা বেশি ধরা পড়েছে শেখ রাসেলের খেলোয়াড়দের শরীরী ভাষাতেই। রিমিয়াংসুর বিপক্ষে আজ যেন আত্মসমর্পণ করতেই নেমেছিলেন তাঁরা। জয়ের আকাঙ্খা তো দূরের কথা, লড়াইয়ের সাধারণ কোনো প্রচেষ্টাই আজ রাসেলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায়নি। কোনো মতে ম্যাচের ৯০ মিনিট কাটিয়ে দিতেই যেন মাঠে নেমেছিলেন তারা।
খেলার প্রথম ৩০ মিনিটে ছিল সমতা। এসময়ের মধ্যে অবশ্য রিমিয়াংসুর গোলমুখে জাহিদ হোসেন এমিলি একটি ভালো বাড়ালেও এনকোচা কিংসলে তাতে পা ছোঁয়াতে পারেননি। শেখ রাসেল প্রথম গোল হজম করে ম্যাচের ৩০ মিনিটের মাথাতেই। বাম প্রা​ন্ত থেকে বাড়ানো একটি ক্রস থেকে দারুণ এক ডাইভিং ​হেডে গোল করেন রি জিন হিউক। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে বক্সের একটু বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক দারুণ কৃতিত্বের সঙ্গে কাজে লাগান পার্ক সং। পর্কের শটটি শেষ রাসেলের ডিফেন্ডারদের দেয়ালের ওপর দিয়ে গোলরক্ষক মামুন খানকে বোকা বানায় খুব সহজেই। মামুন নিজের জায়গা থেকে নড়ারই সুযোগ পাননি।
দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের খেলা আর নির্জীব হয়ে পড়ে। দুই গোলে এগিয়ে গিয়ে কিনা রিমিয়াংসুও এই অর্ধে খুব একটা প্রেসিংয়ে যায়নি। তারপরেও ৫১ আর ৫৮ মিনিটে দুটি গোল পেয়ে যায় রিমিয়াংসু।
রিমিয়াংসুর তৃতীয় গোলটি ছিল বেশ দৃষ্টি নন্দন। শেখ রাসেলের বক্সের ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে সতীর্থ খেলোয়াড়ের সঙ্গে দারুণ একটি ‘ওয়ান টু’ খেলে গোলরক্ষক মামুনকে বোকা বানান রো হ্যাক সু। ৫৮ মিনিটে শেখ রাসেল শহীদুল আলম শাহেদের​ ভুল পাসে বল পেয়ে প্রায় একক প্রচেষ্টায় বক্সের ভেতর ঢুকে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন কিম ইয়ং ইল।