৪ গোলে 'অবা'র প্রায়শ্চিত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করে এমন উদ্‌যাপন অবামেয়াং নিয়মিতই করেন। হামবুর্গের বিপক্ষে পরশু উদ্‌যাপনটা ডর্টমুন্ড স্ট্রাইকার করলেন চারবার l রয়টার্স
গোল করে এমন উদ্‌যাপন অবামেয়াং নিয়মিতই করেন। হামবুর্গের বিপক্ষে পরশু উদ্‌যাপনটা ডর্টমুন্ড স্ট্রাইকার করলেন চারবার l রয়টার্স

ভুল করার পর শুধু ‘সরি’ বলা নাকি অনেক সময় কোনো সমাধান নয়। ভুল শোধরানোর ইচ্ছাটাও ভালোভাবে দেখিয়ে দিতে হয়। কথাটা সম্ভবত হৃদয় দিয়েই অনুভব করেছিলেন পিয়ের-এমেরিক অবামেয়াং। এমনই যে, বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার নিজের ভুলের জন্য সতীর্থ ও কোচের কাছে ক্ষমা চাইলেন ৪ গোল করে!
ঝামেলাটা হয়েছিল চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের সর্বশেষ ম্যাচে। ঘরের মাঠের স্পোর্টিং ক্লাব ডি পর্তুগালের বিপক্ষে ম্যাচের কিছুক্ষণ আগে ২৭ বছর বয়সী গ্যাবনিজ স্ট্রাইকারকে নিষিদ্ধ করেছে ডর্টমুন্ড। কেন, সেটি জানা গেল ১-০ গোলে জেতা ম্যাচটির পরে। ম্যাচের আগের দিন কাউকে কিছু না বলে বন্ধুদের নিয়ে মিলানে পার্টি করতে গিয়েছিলেন অবামেয়াং। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এমন অনিয়ম স্বাভাবিকভাবেই কোচ টুখেল মেনে নিতে পারেননি।
তবে অবামেয়াং শাস্তিটা নীরবে মেনে নিয়েছিলেন। অনুতপ্তও ছিলেন, সমর্থকদের মুখে হাসি ফুটিয়েই কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন তিনি। পরশু লিগে হামবুর্গের বিপক্ষে ৫-২ গোলে জেতা ম্যাচটি তো আসলে ছিল অবামেয়াংয়ের। ৪ গোল করেছেন, করিয়েছেন অন্যটি। গোল উৎসবের শুরু ৩ মিনিটে, ২৭ মিনিটেই পূর্ণ করেন হ্যাটট্রিক। বিরতির পর করেছেন চতুর্থ গোল। লিগে আগের চার ম্যাচে জয়হীন (তিন ড্র, এক হার) ডর্টমুন্ডও ‘অবা’র ছোঁয়ায় ফিরল জয়ের ধারায়।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর উল্টো দলের কাছে দুহাত জোড় করে ক্ষমাই চাইলেন অবামেয়াং, ‘বুঝতে পারছি আমি ভুল করেছি। সতীর্থদের কাছে, কোচের কাছে ক্ষমা চাওয়ার ছিল। এখন ভালো লাগছে। আমি খুশি।’
‘সরি’ও এত সুন্দর করে বলা যায়!