৪ গোলের পরও দুয়ো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্‌যাপন l রয়টার্স
তৃতীয় গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্‌যাপন l রয়টার্স

খেলা চলার সময় বার্নাব্যুর গ্যালারিতে একটা ব্যানার ধরা পড়ল টিভি পর্দায়। স্প্যানিশে লেখা কথাটা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, ‘মানুষের চিৎকার কি কানে ঢুকছে না? তোমার পদত্যাগ করার সময় হয়েছে।’ কথাটা যে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে বলা, সেটা না বললেও চলছে। পরে অবশ্য মাঠের নিরাপত্তাকর্মীরা ব্যানারটি সরিয়ে ফেলেন। আরেকটি ব্যানারে লেখা রিয়াল কিংবদন্তি আলফ্রেডো স্টেফানোর অমর একটা বাণী, ‘এই ব্যাজটা ধারণ করতে হলে তোমাকে এই শার্ট পরে আগে ঘামতে হবে।’ সরাসরি কিছু বলা হয়নি, তবে ইঙ্গিতটা যেন রোনালদোর দিকে।
পরশু সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে রোনালদোরা যদি মনে করে থাকেন প্রতিপক্ষের মাঠে খেলছেন, তাতে ভুল কিছু হয়নি। নিজেদের দর্শকের কাছ থেকে দুয়ো শোনাটা প্রীতিকর অভিজ্ঞতা তো নয়। এমন নয়, ম্যাচটা খুব ভালো খেলেনি রিয়াল। ৭-১ গোলে সেল্টাকে বিধ্বস্ত করেছে, রোনালদো পেয়েছেন ৪ গোল। লা লিগায় এই মৌসুমে সবচেয়ে বেশি ২৭টি গোলও তাঁর, ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার দৌড়েও এগিয়ে আছেন। তেলমো জারাকে ছাড়িয়ে লা লিগার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। রোনালদোর সামনে শুধু লিওনেল মেসি। অথচ এমন অর্জনের রাতেও কিনা রোনালদোকে দুয়ো শুনতে হলো!
এই মৌসুমে এমন অভিজ্ঞতা রোনালদোর নতুন নয়। রায়ো ভায়েকানোকে ১০ গোল দেওয়ার ম্যাচেও তো দুয়ো শুনতে হয়েছে। পরশু বার্নাব্যুর গ্যালারি বোধ হয় একটু বেশিই তেতে ছিল। আগের সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে হার নীরবে ক্ষোভ তো জমিয়েই রেখেছিল। সেই ক্ষোভেরই খানিকটা বেরিয়েছে এদিন। কিন্তু জিদান এটিকে দেখছেন অন্য চোখে, ‘আমি রোনালদোর ওপর ভরসা রাখছি। ভক্তরা দুয়ো দেবে, সেটা আসলে খেলারই অংশ। এটা তো শুধু রোনালদোর জন্য প্রযোজ্য নয়। সমর্থকদের অনেকেই খেলাটা বোঝে, কখনো তাদের চাওয়াটা বেশি হয়। আমি তো বলব, এটা উন্নতির জন্য ভালো। আমাদের তো আরও বেশি ভালো করতে হবে।’
তবে রোনালদো পরশু যা করেছেন, তার চেয়ে ভালো করা আসলে কঠিন। ৪ গোল তো আর প্রতিদিন হবে না। বিশেষ করে দ্বিতীয় গোলটা নিয়ে জিদানকে আলাদা করেই কথা বলতে হলো, ‘এটা আসলে অসাধারণ। এ রকম কিছু সে-ই করতে পারে।’ রোনালদোর সঙ্গে নিজের তুলনাও করতে হলো জিদানকে, ‘আমি হয়তো আরেকটু কাছ থেকে ভালো মারতে পারতাম। আর আমি কখনো ৪ গোল করিনি, তাই এই অনুভূতির সঙ্গে পরিচয় নেই। খুব কম খেলোয়াড়েরই এটি আছে।’
রোনালদোর ৪ গোলে একটু আড়াল হয়ে গেছেন, তবে পেপে, হেসে রদ্রিগেজ ও গ্যারেথ বেলেরও ধন্যবাদ পাওনা কোচের কাছ থেকে। রিয়ালের বাকি ৩ গোল দিয়েছেন এই তিনজন! ইএসপিএন।