৪ ডিসেম্বর এল ক্লাসিকো
চ্যাম্পিয়নস লিগ জিতে গেছেন, তাই স্মৃতিতে একটু ধুলো জমে যেতেও পারে। তবু ২ এপ্রিল তারিখটিকে কি ভুলতে পারেন জিনেদিন জিদান! ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে হারানোর পরই তো ভোজবাজির মতো পাল্টে গেল রিয়াল মাদ্রিদ। ‘উনডেসিমা’ জয়ের পেছনে ওই ‘এল ক্লাসিকো’ জয়টাই সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল।
উল্টো দিকে লুইস এনরিকে হয়তো গত মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’র স্মৃতিতে শাণ দিচ্ছেন। বার্নাব্যুতে এসে রিয়ালকে ৪-০ গোলে হারানো তো আর চাট্টিখানি কথা নয়। এমন দুই মহারণের স্মৃতি তাজা থাকতে থাকতেই পরবর্তী ‘এল ক্লাসিকো’র ঘোষণা চলে এল। আগামী ৪ ডিসেম্বর ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ‘এল ক্লাসিকো’ হবে মৌসুমের প্রায় শেষ দিকে, ২৩ এপ্রিল।
লা লিগা শুরু হচ্ছে ২১ আগস্ট। সেদিন ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল বেটিস। রিয়াল প্রথম ম্যাচ খেলবে রিয়াল সোসিয়েদাদের মাঠে। রয়টার্স।