৪-০ ধাক্কায় এখনো কাঁপছে বার্সা

পিএসজির বিপক্ষে প্যারিসের সেই দুঃস্বপ্ন যে বার্সেলোনাকে পিছু তাড়া করছে, সেটি বোঝা গেল। কাল লিগে লেগানেসের বিপক্ষে ম্যাচে জড়তাটা থেকেই গেল তাদের। তবে পিএসজির বিপক্ষে যাচ্ছেতাই খেলা থেকে বেরিয়ে এসে লিওনেল মেসি ত্রাণকর্তাই হলেন দলের। তাঁর দুই গোলেই লেগানেসের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা।
ম্যাচের শুরুতেই নেইমার-সুয়ারেজের সহায়তায় গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন মেসি। ম্যাচে তখন মাত্র ৪ মিনিট। কিন্তু শুরুটা ভুলই বোঝাল। বার্সা এরপর সেই দাপট ধরে রাখতে পারেনি। উল্টো ৭১ মিনিটে উনাই লোপেজের গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে লেগানেস। বার্সার ওপর আরও বেশি চাপও তৈরি করে। তবে গোলকিপার টের-স্টেগেন থাকায় বড় বিপদে পড়েনি বার্সেলোনা।
খেলা যখন প্রায় শেষ দিকে, পয়েন্ট হারানোই যখন বার্সেলোনার ভবিতব্য মনে হচ্ছিল, ঠিক সে সময়ই পেনাল্টি পেয়ে যায় তারা। বক্সের মধ্যে মার্টিন মানতোভানি ফেলে দেন নেইমারকে। ম্যাচের একেবারে শেষ লগ্নে পাওয়া এই পেনাল্টি কাজে লাগান মেসি। ন্যু ক্যাম্পের গ্যালারিতে তখন স্বস্তি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ লুইস এনরিকে তাঁকে নিয়ে সমর্থকদের সমালোচনার উত্তর দিয়েছেন। বলেছেন, খারাপ-ভালো যেকোনো সময়ই যেন সমর্থকেরা দলকে সমর্থন দিয়ে যায়, ‘আমাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, সে বিষয়ে আমার বলার কিছু নেই। কারণ, আমি সিদ্ধান্তগুলো পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে নিই না। তবে সমর্থকদের উচিত খেলোয়াড়দের নিরন্তর সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাওয়া।’
ম্যাচের আগে পিএসজি ম্যাচে ব্যর্থ আন্দ্রে গোমেসকে উদ্দেশ করে সমর্থকদের দুয়ো দেওয়ারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি, ‘আন্দ্রেকে উদ্দেশ করে শিস দেওয়ায় আমি খুব ব্যথিত হয়েছি। সমর্থকেরা পেছনে থাকলে আমরা অনেক শক্তি পাই। আমি বুঝতে পারছি না, সমর্থকেরা নিজের দলের একজন খেলোয়াড়কে দুয়ো দেবে! যে–কেউই যেকোনোভাবে নিজের প্রতিক্রিয়া জানাতে পারে। কিন্তু কোনো খেলোয়াড়কে দুয়ো দেওয়ার কোনো মানে হয় না।’ সূত্র: রয়টার্স।