৪-৩-৩ থেকে এখন ৫-২-৩

কুইক মুভ! কুইক পাস, পাস! রান ফাস্ট, ফাস্ট! বাফুফের অ্যাস্ট্রো টার্ফে কান পাতলেই শোনা যায় শব্দগুলো। শব্দগুলোর সঙ্গে তাল মিলিয়ে বল নিয়ে অনুশীলন করছে অনূর্ধ্ব-১৬ নারী জাতীয় ফুটবল দল। বাছাইপর্বের পুরোনো খোলস ছেড়ে চূড়ান্ত পর্বের আগে দলটা এখন পুরোপুরি নতুন মোড়কে। সঙ্গে বদলে গেছে কৃষ্ণা, সানজিদা, মৌসুমীদের মাঠের অঙ্কের হিসাবটাও।
গত বছর সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তখন কোচ গোলাম রব্বানী ছোটনের দলের ফরমেশন ছিল ৪-৩-৩। কিন্তু আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে তাঁর দলের সামনে অপেক্ষা করছে উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলো। বাস্তবতা মেনে নিয়েই কৌশল বদলানোর পথে হেঁটেছেন রব্বানী। তাঁর দলের নতুন ফরমেশন এখন ৫-২-৩। অর্থাৎ মিডল করিডরে পায়ের জঙ্গল বানিয়ে গোলের দরজা বন্ধ করে রাখার চেষ্টা। অনুশীলনে দেখা গেল তার মহড়া চলছে। আবার কীভাবে ঝড় সামলে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়া যাবে, কোচ নিজে খেলোয়াড়দের সঙ্গে খেলে দেখিয়ে দিচ্ছেন তাও।
১০ থেকে ২৩ সেপ্টেম্বরের চূড়ান্ত পর্ব সামনে রেখে প্রায় এক বছর ধরে কঠোর অনুশীলন করছে মেয়েরা। প্রস্তুতি ম্যাচ খেলতে দুবার জাপান এবং একবার করে চীন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া সফর করেছে তারা। এই সময়ের মধ্যে দল নিয়ে বেশ পরীক্ষা চালানো হলেও সর্বশেষ কোরিয়া সফরে ৫-২-৩ ফরমেশনের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে জানান কোচ রব্বানী, ‘কোরিয়া সফরের আগ পর্যন্ত দল নিয়ে পরীক্ষা চালিয়েছি। বুঝলাম, ৫-২-৩ ফরমেশনটাই আমাদের জন্য ভালো। কোরিয়াতে আমরা এই ফরমেশনেই সবগুলো ম্যাচ খেলেছি। মেয়েরাও খাপ খাইয়ে নিয়েছে। অর্থাৎ পরীক্ষায় তারা পাস।’
কোরিয়া সফরে চার ম্যাচের দুটিতে জয় এবং একটিতে হার ও ড্র করেছিল মেয়েরা। ফলে আশা জেগেছে তাদের নিয়ে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বে সানজিদা ছিলেন রব্বানীর আক্রমণভাগের তুরুপের তাস। কিন্তু নতুন কৌশল অনুযায়ী রাইট উইংগার সানজিদা এখন রাইট উইং ব্যাক। অর্থাৎ পাঁচজনের রক্ষণভাগের একজন। হোল্ডিং মিডফিল্ডে খেলা ইসরাত জাহান মৌসুমী নতুন ফরমেশনে আক্রমণভাগের রাইট উইংগার। আর বর্তমানে দুই হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলছে মারিয়া মান্ডা, আঁখি খাতুন বা রত্না।

বাছাইপর্বে আক্রমণাত্মক মিডফিল্ডে বা কখনো ‘নাম্বার নাইন’ হিসেবে খেলে দলের সর্বোচ্চ আট গোল করা অধিনায়ক কৃষ্ণা রানী এখন লেফট উইঙ্গার। নাম্বার নাইন হিসেবে সিরাত জাহান স্বপ্নার সুযোগই বেশি। এ ছাড়া মণিকা চাকমা ও আনুচিং মগিনীও আছেন আক্রমণভাগে। লম্বা সময় পাওয়ায় পজিশন অনুযায়ী দলটা এখন গুছিয়ে উঠেছেও বেশ।
চূড়ান্ত পরীক্ষার আগে আরও একবার নতুন ফরমেশনে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে কৃষ্ণা, সানজিদারা। এবার মিশন ভিয়েতনাম। সেখান থেকে সরাসরি চূড়ান্ত মঞ্চ থাইল্যান্ড। যার জন্য এত প্রস্তুতি, এত ত্যাগ, এত তিতিক্ষা। মেয়েদের বয়সভিত্তিক হলেও ফুটবলের একটা বিশ্বকাপ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
বাছাইপর্বটা ছিল বাংলাদেশের জন্য সোনায় মোড়ানো। এশিয়ান ফুটবলের পাওয়ার হাউস ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরু হয় অভিযান। ধারাবাহিকভাবে সিঙ্গাপুরের বিপক্ষে ৫-০, কিরগিজস্তানের বিপক্ষে ১০-০, চায়নিজ তাইপের বিপক্ষে ৪-২; সর্বশেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৪-০ গোলের জয়। পাঁচ ম্যাচে সব মিলিয়ে ২ গোল হজমের বিপরীতে ২৬ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
মেনে নিতেই হবে চূড়ান্ত পর্বের বাস্তবতা বড্ড কঠিন। গ্রুপে আছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও শক্তিশালী অস্ট্রেলিয়া। কিন্তু রব্বানীর দল নিয়ে বড় স্বপ্ন দেখতে দোষ কী?