৪০ দলের বিশ্বকাপ?
প্রথম বিশ্বকাপে ছিল ১৩টি দল। সেটি প্রথমে ১৬, তারপর ২৪ থেকে হয়েছে ৩২। ১৯৯৮ বিশ্বকাপ থেকে ৩২ দলের আসরই হয়ে আসছে। কিন্তু ২০২৬ বিশ্বকাপটা হতে পারে ৪০ দলের। এখনো কিছু চূড়ান্ত হয়নি, তবে ফিফার নির্বাহী কমিটির সভায় এই প্রস্তাবের পক্ষেই সমর্থন বেশি বলে জানা গেছে।
ইঙ্গিতটা এ মুহূর্তে নিষিদ্ধ থাকা ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার আগেই দিয়েছিলেন। পরে উয়েফা মহাসচিব জিয়ান্নি ইনফ্যান্তিনোও বিশ্বকাপে দেশের সংখ্যা বাড়ানোর পক্ষেই কথা বলেছিলেন। কাল নির্বাহী কমিটির জার্মান সদস্য উলফগ্যাং নিয়েরশবাখ জানালেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এশিয়া ও আফ্রিকার প্রতিনিধিরা এটার পক্ষে। পরের বৈঠকে এ নিয়ে আবার আলোচনা হবে।’
তবে কালকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণটি বোধ হয় ফিফা সভাপতির মেয়াদ ঠিক করে দেওয়া। নতুন আইন অনুযায়ী, টানা ১২ বছরের বেশি কেউ সভাপতি হতে পারবেন না। সেপ ব্ল্যাটার ১৭ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার আগে জোয়াও হ্যাভেলাঞ্জ ফিফার মসনদে ছিলেন ২৪ বছর। এএফপি।