৪০ দেশের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ঢাকায় শুরু হচ্ছে চতুর্থ রোলবল বিশ্বকাপ। ৪০ দেশের এই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় চলে এসেছেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। গতকাল পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে খোশমেজাজেই পাওয়া গেল ভিনদেশি কয়েকজন প্রতিযোগীকে l হাসান রাজা
কাল ঢাকায় শুরু হচ্ছে চতুর্থ রোলবল বিশ্বকাপ। ৪০ দেশের এই টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় চলে এসেছেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। গতকাল পল্টনে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে খোশমেজাজেই পাওয়া গেল ভিনদেশি কয়েকজন প্রতিযোগীকে l হাসান রাজা

বাংলাদেশে এর আগে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে। তবে দলের অংশগ্রহণের সংখ্যার দিক থেকে রোলবল বিশ্বকাপটাই সবচেয়ে বড়। কাল ঢাকায় শুরু এই বিশ্বকাপে খেলবে ৪০টি দেশ!
অপ্রচলিত এই খেলার প্রথম বিশ্বকাপ হয়েছে ২০১১ সালে। ২০১৩ ও ২০১৫ সালে পরের দুটি। বাংলাদেশ গতবার ৩৪ দেশের মধ্যে সর্বোচ্চ সপ্তম হয়েছিল। ঘরের মাঠের প্রথম বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ দলের চোখ আরও ওপরে।
টুর্নামেন্ট সামনে রেখে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান আশাবাদ রাখলেন, ‘এবার আমরা আয়োজক। তাই আগের চেয়ে ভালো ফল করতে চাই।’
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইনসহ এশিয়ার ১৭টি দেশ আসছে। রুয়ান্ডা, গিনিসহ আফ্রিকার ১১ ও ফ্রান্স, ডেনমার্ক, হল্যান্ডকে নিয়ে ইউরোপ থেকে সাতটি দল খেলবে। শুধু পুরুষ নয়, ২৭টি দেশের মহিলা দলও খেলছে। স্লোভেনিয়া একমাত্র দেশ যারা খেলবে শুধু মহিলা বিভাগে। বিশাল এক মহাযজ্ঞ। আর তা সফলভাবে আয়োজনের আশা বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদের।
বিশ্বকাপ শুনতে যেমন লাগে, রোলবল বিশ্বকাপটা ঠিক সেভাবে শিহরণ জাগায় না। কারণ, এ খেলাটা বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত। আমজনতা দূরে থাক, ক্রীড়াঙ্গনের মানুষেরই এ খেলাটি নিয়ে তেমন ধারণা নেই। তাই পুরোপুরি নতুন এক অভিজ্ঞতাই হতে যাচ্ছে।

স্কেটিং, হ্যান্ডবল ও বাস্কেটবলের মিশেলে এটি একটি নতুন খেলা। মাঠ চওড়া ৪০ মিটার, পাশে ২০ মিটার। প্রতি দলে থাকে ছয়জন খেলোয়াড়। ড্রিবল না করে তিন সেকেন্ডের বেশি বল হাতে রাখা যাবে না।
এই খেলার জন্য এত দিন ভালো কোনো অবকাঠামো ছিল না বাংলাদেশে। বিশ্বকাপের জন্য সেই অবকাঠামোও হয়েছে। পল্টন ময়দানে প্রায় ১২ কোটি টাকায় উঠে দাঁড়িয়েছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স।
এখানেই কাল থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এক মহাযজ্ঞ। নতুন কমপ্লেক্স ছাড়াও খেলা হবে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর ও পল্টন ময়দান-সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে। উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।