৪০ ম্যাচ পর হার রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মঘাতী গোলের দুর্ভাগ্য সার্জিও রামোসের। ছবি: রয়টার্স।
আত্মঘাতী গোলের দুর্ভাগ্য সার্জিও রামোসের। ছবি: রয়টার্স।

সার্জিও রামোস কতবারই তো গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন। দলের আনন্দের উপলক্ষ হয়ে এসেছেন বহুবার। উদ্‌যাপনের কেন্দ্রীয় চরিত্র হিসেবে নাম লিখিয়েছেন। কিন্তু সেই রামোস আরও একটি গোল করলেন ঠিকই, কিন্তু সেই গোল রিয়ালের দুঃখ হয়েই এল। সেভিয়ার বিপক্ষে তাঁর আত্মঘাতী গোল রিয়ালের ২-১ গোলে হারের একমাত্র কারণ না হলেও অন্যতম কারণ তো বটেই। দুর্ভাগ্যের এই হারে ৪০ ম্যাচ পর ছেদ পড়ল রিয়ালের অপরাজেয়-যাত্রার।
দুই দিন আগেই সেভিয়ার মাঠে কোপা ডেল রে’র ম্যাচে তাদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল রিয়াল। সেই ড্রয়ে ৪০ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডটাও নিজেদের করে নিয়েছিল তারা। কিন্তু দুদিন পর সেই সেভিয়ার কাছেই হারতে হলো রিয়ালকে। ১-০-তে এগিয়ে থাকলেও ম্যাচের শেষ ৫ মিনিটের দুর্ভাগ্যেই হার সঙ্গী রিয়ালের।রামোসের আত্মঘাতী গোলের পাশাপাশি সেভিয়ার স্টিভেন জোভেতিচের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলেই ম্যাচ হারে লা লিগার শীর্ষ দলটি।
২০০৪ সালে এই সেভিয়া থেকেই রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন রামোস। ব্যাপারটি ​সে সময় মেনে নিতে পারেনি সেভিয়ার সমর্থকেরা। রামোসের প্রতি তাদের ক্ষোভটা যে এখনো আছে সেটি দেখা গেল কাল মাঠের এক ব্যানারে—‘এটা কখনোই তোমার আপন জায়গা হবে না।’ সেভিয়ার মাঠ সানজেচ পিজুয়ান যে তাঁর আপন নয়, সেটিই যেন আত্মঘাতী-দুর্ভাগ্যে বুঝতে পারলেন রামোস।
আত্মঘাতী গোলের গ্লানিকে অবশ্য খুব বড় করতে দেখতে চান না রিয়াল মাদ্রিদ অধিনায়ক। মজার ব্যাপার হচ্ছে এই ম্যাচটিকে তিনি তাঁর অন্যতম সেরা পারফরম্যান্সই মনে করেন, ‘আত্মঘাতী গোলটি একটি দুর্ঘটনা। একটি দুর্ভাগ্যের মুহূর্ত। এটি রিয়ালের হয়ে আমার অন্যতম সেরা পারফরম্যান্স।’
ভালো খেললেও আত্মঘাতী গোলটির দায় অন্যভাবে স্বীকার করেই নিয়েছেন রামোস, ‘আমরা খেলাটিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। ওই ​একটি ফ্রিকিকই খেলার দিক পাল্টে দিয়েছে।’
কোচ জিনেদিন জিদান অবশ্য আত্মঘাতী গোল নিয়ে ভাবছেনই না, ‘এটা কোনো ব্যাপারই নয়। ফুটবলে এমনটা হতেই পারে। আমি বরং আমার দলের অধিনায়ককে নিয়ে গর্ব করি।’
খেলার ৬৬ মিনিটে সেভিয়ার গোলকিপার সার্জিও রিকো ডি বক্সের মধ্যে দানি কারভাহালকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি কাজে লাগিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় পেনাল্টি থেকে সবচেয়ে বেশি (৫৬) গোল করার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে গেলেন ফিফার বর্ষসেরা ফুটবলার।
এক গোলে এগিয়ে থেকেই ৮৫ মিনিটে আত্মঘাতী গোলটি হজম করে রিয়াল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জোভেতিচের দারুণ শট গোলকিপার কেইলর নাভাসকে পরাস্ত করলে ৪০ ম্যাচ পর হারের লজ্জা সঙ্গী হয় তাদের। সূত্র: রয়টার্স।