৪৩ বছর বয়সে ফিরছেন ভিয়েরি !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার মাঠে ফিরতে যাচ্ছেন ভিয়েরি। ফাইল ছবি
আবার মাঠে ফিরতে যাচ্ছেন ভিয়েরি। ফাইল ছবি

সাত বছর আগে বুট তুলে রেখেছিলেন। বয়স হয়ে গেছে ৪৩। এই বয়সে আবার মাঠে নামার চিন্তাটাই এখন অবিশ্বাস্য শোনাবে। কিন্তু ক্রিস্টিয়ান ভিয়েরি সেই ঘোষণা দিয়েই সবাইকে চমকে দিয়েছেন! ইতালির সাবেক স্ট্রাইকার আবার ফিরছেন ফুটবল মাঠে। খেলবেন চীনের একটা ক্লাবের হয়ে।

নিজের সময়ের তো বটেই, ইতালির সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন ছিলেন ভিয়েরি। ১৯৯৯ সালে ৩ কোটি ২০ লাখ পাউন্ড দিয়ে লাৎসিও থেকে তাঁকে কিনে নিয়েছিল ইন্টার মিলান, ওই সময় সেটি ছিল দলবদলের (ট্রান্সফার ফি) বিশ্ব রেকর্ড। ইন্টারের হয়ে ১৪৩ ম্যাচে ১০১ গোল করেছিলেন, ইতালির হয়ে ৪৯ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল। খেলেছেন জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, ফিওরেন্টিনার হয়েও।

কিন্তু এসবই হারিয়ে যাওয়া স্মৃতি। ২০০৬ সালের পর ইতালির হয়ে আর খেলেননি, তিন বছর পর বিদায় জানিয়েছেন পেশাদার ফুটবলকেই। কিন্তু সবাইকে চমকে দিয়ে কাল ইনস্টাগ্রামে এক ভিডিওতে ঘোষণা দিলেন, ‘একটা বড় খবর আছে, বোবো (ভিয়েরির ডাকনাম) আবার ফিরছে। চীনে খেলতে যাচ্ছি।’ কিন্তু চীনের কোন ক্লাবে খেলবেন, সেটা এখনো জানাননি।

পরে ভিয়েরি জানিয়েছেন, পাঁচ মাস আগে ওজন ছিল ১০১ কেজি। এখন ১০ কেজি কমিয়ে ফেলেছেন। আরও কেজি দুয়েক কমিয়ে নিজেকে ফেরার জন্য প্রস্তুত করতে চান।