৪৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড গড়া গোলের পর ওয়েইন রুনি। ছবি: এএফপি
রেকর্ড গড়া গোলের পর ওয়েইন রুনি। ছবি: এএফপি

ফর্ম ক্ষণস্থায়ী, মান চিরস্থায়ী—পুরোনো এই কথা আরেকবার মনে করিয়ে দিলেন ওয়েইন রুনি। মৌসুমের শুরুর দিকেও খুব একটা ফর্মে ছিলেন না। অনেকে তো তাঁর ক্যারিয়ারের এপিটাফও লিখতে শুরু করেছিলেন। কিন্তু সেই রুনিই কাল ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে বাঁচিয়েছেন হার থেকে। গড়েছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড।

দুই সপ্তাহ আগে এফএ কাপের তৃতীয় রাউন্ডে রিডিংয়ের বিপক্ষে একটি গোল করে ছুঁয়ে ফেলেছিলেন ইউনাইটেডের কিংবদন্তি ববি চার্লটনকে। আর কাল দলের প্রয়োজনে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে করলেন অসাধারণ এক গোল। নিজেদের মাঠে ১৯ মিনিটে হুয়ান মাতার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্টোক। গোল শোধে মরিয়া ইউনাইটেড গোল দেখা পাচ্ছিল না গোলের। পর্যন্ত রুনিই তাঁদের এনে দেন পয়েন্ট বাঁচানো গোলটি। আর তাতেই চার্লটনের ২৪৯ গোল ছাপিয়ে ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন রুনি। চার্লটন রেকর্ডটি গড়েছিলেন ৪৩ বছর আগে।

১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ইউনাইটেডের হয়ে ৭৫৮ ম্যাচ খেলে ২৪৯ গোল করেছিলেন চার্লটন। ২০০৪ সালে এভারটন থেকে ইউনাইটেডে নাম লেখানো রুনি ২৫০ গোল করলেন ৫৪৬ ম্যাচে। চার্লটনকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি রুনি নিজের করে নিয়েছিলেন ২০১৫ সালে। ১১৯ ম্যাচে ইংল্যান্ডের হয়ে তাঁর গোল এখন ৫৩টি। চার্লটনের ইউনাইটেডের রেকর্ড ভাঙতে পেরে দারুণ খুশি রুনি, ‘এটা অনেক কিছু। দারুণ সম্মানের। আর আমি এর জন্য গর্বিত।’ তথ্যসূত্র: স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১।