৪৪ ম্যাচে চার গোল করেই ক্লাব কিংবদন্তি!

বয়স মাত্র ১৭। মোটামুটি এক মৌসুম সম্পূর্ণ খেলে ৪৪ ম্যাচে ৪ গোল দিয়ে পাড়ি জমাচ্ছেন অন্য ক্লাবে। জুড বেলিংহামের বর্তমান ক্লাব বার্মিংহাম সিটির কাছে এটাকেই মনে হচ্ছে কিংবদন্তিসম অর্জন
তাঁর প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। পাকা জহুরির মতো জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডও বুঝেছে সেটা। জাডোন সানচোর মতো প্রতিভাকে ৮০ লাখে কেনা ক্লাবই কিনা আড়াই কোটি পাউন্ডেরও বেশি অর্থ খরচ করে বার্মিংহাম সিটি থেকে কিনে এনেছে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকে। করোনা পরবর্তী দলবদলের বাজারে এত বড় অঙ্ক খরচই বেলিংহামের প্রতিশ্রুতি বুঝিয়ে দেয়। আর তাঁকে বিক্রি করে দিয়েই বার্মিংহাম ঘোষণা দিয়েছে, বেলিংহামের ২২ নম্বর জার্সি অবসরে পাঠাবে তারা।
সাধারণত একটা ক্লাব তখনই জার্সি অবসরে পাঠায়, যখন ওই জার্সি পরা সেই ক্লাবের কিংবদন্তি কেউ অবসরে চলে যান। ইন্টার মিলানে যেমন হাভিয়ের জানেত্তি যাওয়ার পর ৪ নম্বর জার্সি পরার সাহস কেউই দেখাননি। ডিয়েগো ম্যারাডোনা চলে যাওয়ার পর দশ নম্বর জার্সিটা কাউকে দেয়নি নাপোলি। এসি মিলানও তিন আর ছয় নাম্বার জার্সি অবসরে পাঠিয়েছে, দুই কিংবদন্তি পাওলো মালদিনি আর ফ্রাঙ্কো বারেসি অবসরে যাওয়ার পর।
বার্মিংহাম সিটির হয়ে বেলিংহামের অর্জন উপরিউক্ত কারওর ধারেকাছেও নেই। বয়সই যে তাঁর মাত্র সতেরো! এর মধ্যে ৪৪ ম্যাচ খেলেছেন। গোল করেছেন মাত্র চারটি। ক্লাবের হয়ে যদিও সবচেয়ে কম বয়সে পেশাদার ম্যাচ খেলা ও গোল করার রেকর্ড তার। বার্মিংহামের কাছে সেটাকেই মনে হয়েছে কিংবদন্তিসম অর্জন। তারা বেলিংহাম যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর পরা ২২ নম্বর জার্সিটা অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ব্যাপারটা জানিয়ে তাঁরা বলেছে, 'অনেক অল্প সময়ের মধ্যেই জুড ব্লুজ দের ইতিহাসে কিংবদন্তিসম একজন হয়ে গিয়েছে। সবাইকে দেখিয়েছে প্রতিভা, অধ্যবসায়, পরিশ্রমের মাধ্যমে কী কী অর্জন করা যায়। ওর ব্যবহার, বিনয় ওকে রোল মডেলে পরিণত করেছে। ২২ নম্বর জার্সিটা তাই জুডের সমার্থক হয়ে গিয়েছে।'
ডর্টমুন্ডে যোগ দেওয়ার মাধ্যমে সবচেয়ে দামি টিনএজারের তকমা সেঁটে গিয়েছে বেলিংহামের কপালে।
বার্মিংহামের এই অদ্ভুত সিদ্ধান্তের পর সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাত্র ১৭ বছর বয়সী একজনের জন্য জার্সি অবসরে পাঠিয়ে বার্মিংহাম উল্টো নিজেদের ছোট করেছে বলে অনেকে মনে করছেন। আবার অতিরিক্ত ব্যক্তিগত বোনাসে যাওয়ার সুযোগ থাকলেও ক্লাবকে যে বেশি ট্রান্সফার ফি দেবে, তাদের নির্বাচন করে বার্মিংহামকে আর্থিক ক্ষয়ক্ষতির হাত থেকে বেলিংহাম বাঁচিয়েছেন, যে কারণে কৃতজ্ঞতাবশত জার্সি অবসরে পাঠাচ্ছে বার্মিংহাম, এমনটাও শোনা যাচ্ছে।