৪৫ লাখ খেলোয়াড়ের দল ক্রোয়েশিয়া

আগামীকাল বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ জেতার জন্য সব ত্যাগ স্বীকার করতে রাজি রাকিতিচ।
মাত্র পঁয়তাল্লিশ লাখ জনসংখ্যার একটি দেশ। ১৯৯১-তে স্বাধীনতা পাওয়া এই ক্রোয়েশিয়া বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই সেমিফাইনালে খেলেছিল ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে। ২০ বছর পর ক্রোয়েশিয়ার সামনে এবার বড় সুযোগ। বিশ্বকাপের ফাইনালে তারা। ফ্রান্সকে হারাতে পারলেই বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে নাম লেখানো যাবে।
ম্যাচটা যে ক্রোয়েশিয়ার ইতিহাসে কত বড় এক ঘটনা সেটি না বললেও চলে। ম্যাচটিকে ক্রোয়াটরা কীভাবে দেখছে, তার একটা ইঙ্গিত মিলেছে ইভান রাকিতিচের কথা। তাঁর মতে, কাল ফ্রান্সের বিপক্ষে তারা ‘৪৫ লাখ’ খেলোয়াড়কে নিয়েই মাঠে নামবেন। অর্থাৎ, ক্রোয়েশিয়ার ৪৫ লাখ মানুষের প্রত্যেকেই বিশ্বকাপ ফাইনালে খেলোয়াড়দের সঙ্গে থাকবেন।
বিশ্বকাপ ফাইনালে ভাগ্যের ছোঁয়াটা যে খুব জরুরি সেটি জানেন বার্সেলোনার এই তারকা, ‘প্রত্যেক ক্রোয়াটের কাছেই ম্যাচটা ঐতিহাসিক। আমাদের সঙ্গে ক্রোয়েশিয়ার ৪৫ লাখ মানুষই কাল মাঠে থাকবে। বিশ্বকাপ জিততে আমরা সবাই সবাইকে সাহায্য করব। আশা করছি ম্যাচ শেষে আমরা মাঠ থেকে মাথা উঁচু করেই বের হব। এ জন্য ভাগ্যের ছোঁয়াও দরকার।’
বিশ্বকাপ জিতলে কি করবেন রাকিতিচ? এই প্রশ্নেও রাকিতিচের উত্তর যেন ছিল একদম ঠোঁটের আগাতেই, ‘আমার কপালে বেশ অনেক জায়গা ফাঁকা আছে। বিশ্বকাপ জিতলে আমি ওই ফাঁকা জায়গায় একটা ট্যাটু আঁকাতে চাই, এই স্মরণীয় বিজয়ের নিদর্শন-স্বরূপ, তবে এটার জন্য আমাকে আমার স্ত্রীর অনুমতি নিতে হবে আগে!’
বিশ্বকাপ জিততে নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারও বিসর্জন দিতে রাজি রাকিতিচ, ‘কেউ যদি আমাকে বলত যে বিশ্বকাপ পাওয়ার বিনিময়ে আমাকে আমার ক্যারিয়ার বিসর্জন দিতে হবে, আমি হাসিমুখে সেটা মেনে নিতাম।’
বিশ্বকাপ জিততে যারা এমন আত্মপ্রত্যয়ী, তাদের কি ঠেকিয়ে রাখা যায়?