৪৭ কোটি টাকা চুরির মামলায় ফেঁসেছেন ম্যান ইউনাইটেডের সাবেক ব্রাজিলিয়ান
কথাটা ম্যানচেস্টার ইউনাইটেডেরই আরেক ব্রাজিলিয়ান রাফায়েল বলেছিলেন।
অ্যান্ডারসন তখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেন। ২০০৭ সালে পোর্তো থেকে তাঁকে যখন কিনে নেন ম্যান ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন, ধরে নেওয়া হয়েছিল, পরের কয়েক বছর ইংলিশ লিগ এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারই মাতাবেন।
কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর উত্থানের দিনগুলোয় অ্যান্ডারসন পেছনেই পড়ে রইলেন। হয়ে রইলেন ব্রাজিলিয়ান অনেক প্রতিভার খেয়ালি ঝরে পড়ার আরেকটি উদাহরণ।
গত মাসে অ্যান্ডারসনকে নিয়ে কথায় কথায় ইউনাইটেডেরই সাবেক ব্রাজিলিয়ান রাইটব্যাক রাফায়েল বলেছিলেন, অ্যান্ডারসনও হতে পারতেন মেসি কিংবা রোনালদোর মতো বিশ্বসেরা, যদি শুধু খাবারের প্রতি লোভটা তাঁর অত বেশি না হতো।
বিশেষ করে ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসের খাবারের প্রতি তাঁর লোভটা অনেক বেশিই ছিল।
সেই অ্যান্ডারসনই আবার খবরের শিরোনামে এলেন। নেতিবাচক খবরই। চুরির মামলায় অভিযুক্ত এক গ্রুপের মধ্যে আছে অ্যান্ডারসনের নামও। চুরির অঙ্কটাও চোখ কপালে তোলার মতো। মার্কিন ডলারের হিসাবে ৫৫ লাখ। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা।
আসলে চুরি বললেও পুরোটা বোঝায় না। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম লিখেছে, ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর চুরি, প্রতারণা, অর্থ পাচারে সব মিলিয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই আটজনের গ্রুপটা অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি কিনে অর্থ পাচার করেছে বলেও অভিযোগ আছে। এই গ্রুপের একজন অ্যান্ডারসন।
ইউনাইটেড অধ্যায় শেষে ব্রাজিলের ইন্তারনাসিওনাল, করিতিবা (ধারে) ও তুরস্কের আদানা দেমিরস্পোরে ঘোরার পর গত বছর ফুটবল থেকে অবসর নিয়েছেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান সাবেক মিডফিল্ডার।
অ্যান্ডারসনদের দলের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিয়েছে রিও গ্রান্দে দে সুল রাজ্যের কৌঁসুলির কার্যালয়, তদন্তের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ক্রিপ্টো-শো।’ ক্রিপ্টোকারেন্সি বা অদৃশ্য অনলাইন মুদ্রার ব্যবহার করে চুরিকৃত অর্থ পাচার করেছে অ্যান্ডারসনের দল, অভিযোগ এমনই।
২০২০ সালের এপ্রিলে বড় এক ব্রাজিলিয়ান ইন্ডাস্ট্রিয়াল ফার্ম থেকে ৫৫ লাখ ডলার চুরির খবরের পর তদন্তটা শুরু হয়। কৌঁসুলির কার্যালয়ের হিসেব অনুযায়ী, ওই অর্থ ব্রাজিলের চারটি ভিন্ন রাজ্যের ১১টি ব্যাংক হিসাবে পাচার করা হয়। এরপর দেশে-বিদেশে ক্রিপ্টোকারেন্সি কিনে ওই অর্থ পাচার করে দেওয়া হয়।
২০২০ সালেই পোর্তো অ্যালেগ্রেতে অ্যান্ডারসনের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় পুলিশ, সে সময় তাঁর ব্যক্তিগত কম্পিউটার জব্দ করা হয়। অ্যান্ডারসন তখন জানিয়েছিলেন, তিনি ক্রিপ্টোকারেন্সির কেনাবেচার কাজ করেন, তবে কোনো ধরনের অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি। এখনো তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা জানিয়ে তাঁর নাম এই নেতিবাচক খবর থেকে সরিয়ে নিতে চান অ্যান্ডারসন।
ব্রাজিলিয়ান সাবেক তারকার আইনজীবী জুলিও সেজার কইতিনিও জুনিয়র ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোকে বলেছেন, ‘আমাদের এখনো আদালতে ডাকা হয়নি, তাই এখনই এ ব্যাপারে কিছু বলা মুশকিল। তদন্ত চলছে। অ্যান্ডারসন বলেছেন, তিনি তদন্তের ব্যাপারে জানতে পেরেছেন। তবে অ্যান্ডারসন প্রমাণ করবেন যে তিনি অপরাধের শিকার, অপরাধী নন। তাঁর অবস্থান এটাই।’
ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে ২০০৪ সালে অভিষেকের পর পর্তুগালের ক্লাব পোর্তো ঘুরে ২০০৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন অ্যান্ডারসন। কিন্তু সেখানে আট বছরে ম্যাচ খেলতে পেরেছেন মাত্র ১০৫টি, গোল করেছেন ৫টি।
ব্রাজিলের হয়ে সব মিলিয়ে মাত্র ৮ ম্যাচ খেলা অ্যান্ডারসন ২০০৭ কোপা আমেরিকাজয়ী ব্রাজিল দলে ছিলেন।