৪৭ দিন পেছাল ফুটবল লিগ
এমনিতে নানা ছুতোয় পাঁচ-সাত দিন ফুটবল লিগ হরহামেশাই পেছায়। এ দেশে দু-তিন সপ্তাহও গ্রহণযোগ্য কারণ ছাড়া লিগ স্থগিত থাকার অনেক উদাহরণ আছে। তবে অতীতের সব ‘রেকর্ড’ মুছে ফেলে এবার ১২ জুন শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগ ৪৭ দিন পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২৮ জুলাই!
লিগ পেছানোর দাবিতে বাফুফেকে সাতটি ক্লাব চিঠি দিয়েছিল। শেখ জামাল, মোহামেডান, শেখ রাসেল, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, আরামবাগ, ফরাশগঞ্জের খেলা পেছানোর আবদার বা দাবির পেছনে যুক্তিটাও অদ্ভুত। গরম আর চিকুনগুনিয়া! তা ছাড়া রোজার মাসে খেলতে অনাগ্রহী এই দলগুলো।
তাই গতকাল লিগ কমিটির সভা ডাকা হলে সবাই বুঝে ফেলেন, লিগ পেছানো হচ্ছে। কারণ, ক্লাব যা চায় তা-ই হয়ে আসছে এ দেশে। এ-ও ঠিক, বাফুফে মেরুদণ্ড সোজা রেখে ক্লাবগুলোকে বাধ্য করতে পারে না সময়মতো খেলা শুরু করতে। তাই বাফুফের ঘোষিত বর্ষপঞ্জির কোনো মূল্যই থাকে না। বাফুফে বলেছিল, ক্লাবের কাছে মাথা না নুইয়ে এবার থেকে আর কোনো কিছুই পেছানো হবে না। সব সময়মতো হবে। কিন্তু কোথায় কী!
কিন্তু তাই বলে এক লাফে ৪৭ দিন লিগ পেছাবে, সেটাও অবিশ্বাস্য। সাতটি ক্লাব আসলে ঈদের পর খেলতে চেয়েছে। সে হিসাবে জুলাইয়ের প্রথম সপ্তাহে লিগ শুরু হতে পারত। হলো না কেন? লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীর ভাষ্য, ‘ক্লাব চেয়েছে বলে লিগ পেছাতে হলো। চাইলে ঈদের পর শুরু করা যেত। কিন্তু তখন বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলের প্রস্তুতির ব্যাপার আছে। এসব কারণেই ওই টুর্নামেন্ট শেষে লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে।’
জাতীয় দল হলে নাহয় একটা কথা ছিল। কিন্তু ১৯ জুলাই থেকে ফিলিস্তিনে খেলতে যাবে এএফসি অনূর্ধ্ব-২৩ দল, যেখানে বাংলাদেশের কোনো আশাই কার্যত নেই। আশা থাকলেও অলিম্পিক দলের জন্য প্রায় এক মাস লিগ খেলা বন্ধ রাখা শুধু বাংলাদেশেই সম্ভব!